ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তিনটি মোবাইল ফোন কোম্পানিকে নতুন 'স্পেকট্রাম' বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর ফলে মোবাইল অপারেটরদের ক্ষমতা বাড়ার মাধ্যমে তারা আরও উন্নত সেবা দিতে পারবে।
সোমবার কমিশন কার্যালয়ে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম সোমবার সাংবাদিকদের জানান।
তিনি বলেন, বাংলাদেশে এবারই প্রথম স্পেকট্রাম বিক্রি করা হলো।
বিটিআরসির সিদ্ধান্ত অনুসারে গ্রামীণফোন, বাংলালিংক ও একটেলের কাছে ১৪০০ কোটি টাকার বিনিময়ে ১৭ দশমিক ৫ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি করা হয়েছে। প্রতি মেগাহার্টজের জন্য ৮০ কোটি টাকা করে পাচ্ছে বিটিআরসি।
সংস্থার চেয়ারম্যান বলেন, "সেবার মানের ক্ষেত্রে অপারেটরদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আমরা স্পেকট্রাম বরাদ্দ দেই না। আপনারা জানেন, সেবার কি অবস্থা। বিশেষ করে গ্রামীণফোনের।"
গ্রামীণফোনের কাছে ৭ দশমিক ১ মেগাহার্টজ, বাংলালিংকের কাছে ৫ দশমিক ১ মেগাহার্টজ এবং একটেলের কাছে ৫ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি করেছে বিটিআরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৪৬ঘ.
bdnews24