২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা আবারও অবরোধ করায় তীব্র যানজট

বোনাসের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জয়া গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার দুপুরে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তারাবো পৌর এলাকার টাটকীতে অবস্থিত ওই গার্মেন্টসের শ্রমিকদের দেড় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বোনাসের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জয়া গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার দুপুরে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তারাবো পৌর এলাকার টাটকীতে অবস্থিত ওই গার্মেন্টসের শ্রমিকদের দেড় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধস্থলের দুই পাশে মহাসড়কের ৮/১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় যানজট লেগেছিল। এতে আটকা পড়ে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হন। অবরোধের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে কয়েকজন পথচারী এবং পোশাক কারখানার অন্তত ১২জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। দুপুর ৩টার দিকে র‌্যাব ও পুলিশ শ্রমিকদের হটিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ ঘটনার জন্য পুলিশ কারখানা কর্তৃপক্ষের 'খামখেয়ালিকে' দায়ী করেছে। গত রোববারও একই কারখানার শ্রমিকরা বোনাসের দাবিতে ওই মহাসড়ক অবরোধ করেছিল। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীম জানান, জয়া গার্মেন্টসের শ্রমিকরা রোববার মহাসড়ক অবরোধ করার পরে পুলিশের মধ্যস্থতায় মালিকের সঙ্গে সোমবার প্রত্যেক শ্রমিককে ১২শ' টাকা করে ঈদ বোনাস দেওয়া হবে বলে সমঝোতা হয়েছিল। কিন্তু নিটিং সেকশনের শ্রমিকদের ১২শ' টাকা করে ঈদ বোনাস দেওয়া হলেও অন্যান্য সেকশনের কর্মীদের দেওয়া হয় চারশ' টাকা করে। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা দুপুর দেড়টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশের লাঠিচার্জে পথচারী ও গার্মেন্টস শ্রমিক সালমা, অলিউল্লাহ, মালেকা, আকলিমা, মোর্শেদা খোরশেদ আলম রাজু, মনির, দেলোয়ার, সজীব, সোহেল, ইমরান আহত হন। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও। দুপর ৩টার পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য এসে শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ অবশিষ্ট শ্রমিকদের ১২শ' টাকা করে ঈদ বোনাস দেয়। এদিকে বহিরাগতদের সহায়তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় বলে দাবি করেছে জয়া গার্মেন্টস কর্তৃপক্ষ। পরিচালক উত্তম প্রসাদ সাংবাদিকদের বলেন, "নিটিং সেকশনের শ্রমিকরা রোববার সড়ক অবরোধ করে ১২শ' টাকা করে বোনাস আদায় করে। তবে গত ঈদে কর্তৃপক্ষ তাদের সামর্থ্য অনুযায়ী সব শ্রমিককেই সমান চারশ' টাকা করে বোনাস দিয়েছিল।" তিনি জানান, সোমবার অবরোধের ঘটনার পর সবাইকেই ১২শ' টাকা করে বোনাস দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, "জয়া গার্মেন্টস মালিকপক্ষের খামখেয়ালির কারণে রোববারের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।" যানজট হলেও শ্রমিকরা সড়ক অবরোধ করার পর পুলিশ কাঁচপুর সেতুর কাছে যানবাহন আটকে দেওয়ায় তেমন গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেনি। দুপুর ৩টার পর অবরোধ উঠে গেলে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২১৩১ঘ.