২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাঞ্চলে ১৭৫ ট্রেনের নিরাপত্তায় ৬৮৮ রেল পুলিশ

ঢাকা-চট্টগ্রাম লাইনে গত কয়েকদিনের প্রতিটি ট্রেনে এখন ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনগুলো আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে গন্তব্যে রওনা হচ্ছে। অথচ এসব যাত্রীর নিরাপত্তায় নেই পর্যাপ্ত রেল পুলিশ। পূর্বাঞ্চলীয় ১৭৫টি ট্রেনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে মাত্র ৬৮৮ জন পুলিশ সদস্য। রেল পুলিশের এই গুরুতর জনবল সঙ্কট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

রুহুল আমিন রানা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম লাইনে গত কয়েকদিন ধরে প্রতিটি ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনগুলো আসন সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে গন্তব্যে রওনা হচ্ছে। অথচ এসব যাত্রীর নিরাপত্তায় নেই পর্যাপ্ত রেল পুলিশ। পূর্বাঞ্চলীয় রেলওয়ের অর্ন্তগত বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও ময়মনসিংহে নিয়মিত চলাচলকারী ১৭৫টি ট্রেনে যাত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছে রেল পুলিশের মাত্র ৬৮৮ জন সদস্য। জনবল সঙ্কটের কারণে রাতের একটি আন্তঃনগর ট্রেনের পাঁচ শতাধিক যাত্রীর নিরাপত্তায় মাত্র চার জন পুলিশ মোতায়েন করা হলেও দিনে চলাচলকারী কোনো ট্রেনে রেলওয়ে পুলিশের (জিআরপি) টহলের ব্যবস্থাই নেই। এ শুধু ঈদে নয়, সারা বছরের চিত্রই এরকম। রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেল পুলিশের কর্মকর্তারা জানান, জনবল স্বল্পতার কারণে শুধু রাতের ট্রেনে টহল দলের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। দিনের বেলার ট্রেনগুলোতে টহল পুলিশ দেওয়ার কোনো সুযোগ নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার এ বিষয়টি জানানোর পরও অবস্থার কোনো উন্নতি হয়নি। তাদের বক্তব্য , ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে অপরাধী চক্র ট্রেনকে ব্যবহার করছে চোরাচালানের অন্যতম বাহন হিসাবে। ছিনতাই ও ছিচকে চুরির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই যার অধিকাংশই জিআরপি থানা পুলিশের খাতায় রেকর্ড হয় না। যাত্রীদের অনিরাপদ রেল ভ্রমণের বিষয়টি স্বীকার করে রেল পুলিশ চট্টগ্রামের সুপার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাপদ বাহন হিসেবে অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। অথচ রেল যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছি না আমরা। জনবল স্বল্পতার কারণে অধিকাংশ ট্রেনেই পুলিশ মোতায়েন করা যাচ্ছে না। ফলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধের সুযোগ থেকেই যাচ্ছে।" তিনি জানান, পূর্বাঞ্চলীয় রেলওয়ের অর্ন্তগত বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও ময়মনসিংহে নিয়মিত ১৭৫টি ট্রেনে লক্ষাধিক যাত্রী চলাচল করে। অথচ তাদের নিরাপত্তায় রয়েছে মাত্র ৬৮৮ জন পুলিশ। ঈদের সময় নিয়মিত সময়সূচির বাইরে ১৪টি বিশেষ ট্রেনে ঘরমুখো লাখো মানুষের ভিড়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। নিবাস চন্দ্র মাঝি বলেন, "জনবল সঙ্কটের কারণে দিনের বেলায় কোনো ট্রেনে পুলিশ মোতায়েন সম্ভব হচ্ছে না। এমনকি দিনের বেলায় বিভিন্ন স্টেশন ও জংশনে টহল পুলিশও রাখা যাচ্ছে না। রাতের বেলা সীমিত আকারে পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রাতে একটি আন্তঃনগর ট্রেনের পাঁচ শতাধিক যাত্রীর নিরাপত্তায় মাত্র চার জন পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন স্টেশন ও জংশনে একজন কনস্টেবলের নেতৃত্বে তিন জন আনসার টহল দেয়। তিনি জানান, পূর্বাঞ্চলে রেল পুলিশের থানা রয়েছে মাত্র ১২টি। প্রতিটি থানার আয়তন একশ কিলোমিটার। ফাঁড়ি রয়েছে ১৬টি। প্রতিটি থানায় দুজন উপ পরিদর্শক ও ২০ জন কনস্টেবল রয়েছে। এদের সহযোগিতায় প্রতি থানায় ১৫ জন করে নিরস্ত্র আনসার মোতায়েন রয়েছে। নিবাস চন্দ্র আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও ব্রিটিশ আমলের জনবল কাঠামো নিয়েই এখনও চলছে রেল পুলিশ। ব্রিটিশ আমলের মতো এখনও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি'র দায়িত্ব পালন করেন একজন উপ-পরিদর্শক। শুধু ঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে একজন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের ১২টি থানা এলাকায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি, খুন, ট্রেনে কাটা পড়াসহ নানা ধরনের অপরাধ ও দুর্ঘটনা ঘটছে। এসব অপরাধ দমন ও মামলা তদন্তের পাশাপাশি এত বিপুল সংখ্যক যাত্রীর নিরাপত্তা নিয়ে হিমশিম খাচ্ছে রেল পুলিশ। একটি থানায় মাত্র দুই জন উপ-পরিদর্শক থাকেন। মামলার তদন্তও করতে হয় তাদেরই। এ কারণে প্রতিটি থানায় সবসময় তদন্তের অপেক্ষায় ঝুলে থাকে শতাধিক মামলা। এ সুযোগ নিয়ে অপরাধীরা বিভিন্ন অপকর্মের নিরাপদ জায়গা হিসাবে বেছে নেয় রেলওয়ের এলাকাকে। পুলিশ সদস্যদের অনিয়মে জড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, জিআরপি থানাগুলোতে পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় পুলিশের কর্মকাণ্ডও তদারকি সম্ভব হয় না। অনিয়মের সুযোগ থেকেই যায়। ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার বিষয়টি জানানোর পরও তা শুধু আলোচনাতেই আটকে থাকছে। পুলিশের স্বল্পতার কথা স্বীকার করেন রেলওয়ে চট্টগ্রামের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা শফিউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রেল পুলিশের স্বল্পতার কারণে বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি।" চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক এম এ গনি বলেন, রেল পুলিশের অভাবে দিনের বেলা রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দিয়ে টহল দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। হাজারো যাত্রীদের নিরাপত্তা ও নানা অপ্রীতিকর ঘটনা সামাল দিতে গিয়ে অনেক সময় তারা অসহায় হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/এসকে/১৮২৩ঘ.