২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারের অভাবে ঢাকা-চট্টগ্রাম বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ৫৫ জন

ঈদ উপলক্ষে রেল কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম লাইনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশেষ ট্রেন চালু করলেও পর্যাপ্ত প্রচারের অভাবে প্রথম দিন তেমন সাড়া মেলেনি। রোববার চট্টগ্রাম স্টেশন থেকে প্রায় ৬শ' আসনের ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে মাত্র ৫৫ জন যাত্রী নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে রেল কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম লাইনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশেষ ট্রেন চালু করলেও পর্যাপ্ত প্রচারের অভাবে প্রথম দিন তেমন সাড়া মেলেনি। রোববার চট্টগ্রাম স্টেশন থেকে প্রায় ৬শ' আসনের ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে মাত্র ৫৫ জন যাত্রী নিয়ে। ঈদের ঠিক আগের এসময়ে ঢাকা থেকে বাইরে যাওয়া মানুষের সংখ্যাই বেশি হলেও বন্দরনগরী থেকে যত মানুষ নানা প্রয়োজনে রাজধানীতে আসেন তার বিচারে এ সংখ্যা খুবই নগণ্য। তবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সোম ও মঙ্গলবারের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বুধবার ১ অক্টোবরের কিছু টিকিট রয়ে গেছে বলে রোববার রাতে কমলাপুরের স্টেশন মাস্টার রেজাউল হক জানান। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক এম এ গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫৮৮ আসনের এ বিশেষ ট্রেনে প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রী ছিল মাত্র ৫৫ জন। তিনি বলেন, "আগে থেকে টিকিট না ছাড়ায় এবং পর্যাপ্ত প্রচারের অভাবে প্রথম দিন টিকিট বিক্রি হয়েছে কম। সোমবার বিক্রি বাড়তে পারে।" এই রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসগুলোতে যেখানে টিকিটের দাম সাড়ে পাঁচশ থেকে আটশ টাকা, সেখানে এই বিশেষ ট্রেনের টিকিটের দাম রাখা হয়েছে ৩৮০ টাকা। রোববার চট্টগ্রাম ছেড়ে যাওয়া ট্রেনটি প্রায় ফাঁকা গেলেও বাসের টিকিট না পেয়ে হয়রান হন যাত্রীরা। রোববার চট্টগ্রাম স্টেশনে ঢাকাগামী ট্রেনের টিকিটের খোঁজে আসা বেসরকারি চাকুরে আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "কর্তৃপক্ষের গড়িমসির কারণেই এমন একটি ভাল উদ্যোগ মার খেলো। আগে থেকে জানা থাকলে বাসে গাদাগাদি করে যাওয়ার চেয়ে অনেকেই অনেক স্বচ্ছন্দে এই ট্রেনে ঢাকা যেতে পারতেন।" কোথাও বিরতি ছাড়া ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ ট্রেনটি। ঢাকার কমলাপুর স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে সকাল ৬টা ২০ এ। আর চট্টগ্রাম ছাড়ার নির্ধারিত সময় বিকাল ৪টা ২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/এসকে/২২১৯ঘ.