২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল সার সরবরাহের অভিযোগে যশোরে তিনজন গ্রেপ্তার

বস্তা বদল করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদামে ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার সরবরাহের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

যশোর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বস্তা বদল করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গুদামে ভেজাল ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার সরবরাহের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় রোববার যশোরের কোতয়ালি থানায় একজন সার ব্যবসায়ীর দায়ে করা মামলায় এদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফুল ইসলাম খান, বশির আহমেদ ও তারেক। এদের প্রথম দুজন সার সরবরাহকারী ট্রাকের চালক ও তার সহকারী। অন্যজন তাদের সহযোগী বলে সন্দেহ করা হচ্ছে। মামলার বাদি বিএডিসির ডিলার খুলনার আল মামুন এন্টারপ্রাইজের মালিক আলী রেজা জানান, গত ২৩ সেপ্টেম্বর নওয়াপাড়ার পাঁচকবর এলাকার একটি ঘাট থেকে বিএডিসির ১৪ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৩৬০ বস্তা টিএসপি সার ট্রাকে (যশোর-ট-১১-১৩০৯) লোড করা হয়। পথে যশোরের হাশিমপুরে বস্তা বদল করে নকল সার তোলা হয়। এ সার বিএডিসির সৈয়দপুর আঞ্চলিক গুদামে নেওয়া হয়। সৈয়দপুরের বিএডিসি গুদাম কর্তৃপক্ষের সন্দেহ হলে গত ২৫ সেপ্টেম্বর ওই তিনজনকে সৈয়দপুর থেকে প্রশাসনের সাহায্যে আটক করে নওয়াপাড়া নিয়ে আসা হয়। নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আটককৃতরা বস্তা পাল্টানোর কথা স্বীকার করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, এর সঙ্গে বড় একটি চক্র জড়িত। ঘটনার তদন্ত চলছে। গত শুক্রবার বিএডিসির সৈয়দপুর আঞ্চলিক গুদামে ভেজাল সন্দেহে ৩৬০ বস্তা টিএসপি সার জব্দ করে পুলিশ। ওই সারের নমুন পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৪ ঘ.