২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া ঘাটে তীব্র যানজটে নাজেহাল ঘরমুখো মানুষ

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে তীব্র যানজটের কারণে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ নাজেহাল হচ্ছেন। শনিবার রাত থেকে ঝোড়ো আবহাওয়ার কারণে ফেরি পারাপার বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে তীব্র যানজটের কারণে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ নাজেহাল হচ্ছেন। শনিবার রাত থেকে ঝোড়ো আবহাওয়ার কারণে ফেরি পারাপার বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। ফলে আটকা পড়ে যায় শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক। আবহাওয়া ভালো হওয়ার পর রোববার সকাল ১১টায় ফেরি চলাচল শুরু হয়। কিন্তু পাটুরিয়ার তিনটি ঘাট আংশিক চালু থাকায় ফেরিতে যানবাহন লোড-আনলোড বিলম্বিত হওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে বিশেষ করে শিশু ও নারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। রোববার বিকেল ৩টার পর যানজট পরিস্থিতির উন্নতি হতে থাকলে যাত্রীদের দুর্ভোগ কমে আসে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানান, প্রবল বাতাসের কারণে ভোর চারটার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে একটি ফেরি দৌলতদিয়ার অদূরে চরে আটকে যায়। রোববার সকাল ৯টার দিকে ফেরিটি উদ্ধার করে পাটুরিয়ায় নিয়ে আসা হলেও আনলোড করা হয় দুপুর ২টায়। এইভাবে প্রতিটি ফেরিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া গিয়ে ঘাট সমস্যার কারণে বসে থাকতে হয়েছে। বিআইডব্লিউটিসি-র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, ঝড়ে পাটুরিয়ার তিনটি ঘাটই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর ঘাট তিনটির অংশবিশেষ ফেরি ভেড়ানোর উপযোগী হলেও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ঘাটে আসা যানবাহন পারাপার করতে না পারায় বিকেল পর্যন্ত যানজট অব্যাহত ছিল। সকাল থেকেই হাজার হাজার যাত্রী পায়ে হেঁটে যানজট এলাকা পাড়ি দিয়ে ফেরিতে ওঠেন। লঞ্চ পারাপার বন্ধ থাকায় ঘরমুখো মানুষ আরও বেশি দুর্ভোগে পড়েন। বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হলে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২০২৮ ঘ.