২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে জলদস্যুদের উৎপাত বেড়েছে

বরগুনা এলাকায় বঙ্গোপসাগরে জেলে অপহরণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। জলদস্যুদের বেপরোয়া লুটপাট ও অপহরণের কারণে জেলেরা সাগরে যেতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বরগুনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা এলাকায় বঙ্গোপসাগরে জেলে অপহরণের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। জলদস্যুদের বেপরোয়া লুটপাট ও অপহরণের কারণে জেলেরা সাগরে যেতে পারছে না। কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছে জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। গত মে মাস থেকে এ পর্যন্ত ২১৭ জন জেলেকে অপহরণ করে ১৭৭ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে তারা। শুধু রমজান মাসেই ১০২ জন জেলেকে অপহরণ করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাতে অপহৃত ৪০ জন জেলে এখনও মুক্তি পায়নি। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কচিখালী, পক্ষীদিয়া, নারিকেলবাড়িয়া ও নিদ্রা সখিনা এলাকায় সাগরে মাছ ধরার সময় রাজু বাহিনী, জিয়াদ বাহিনী ও মাইজ্যা বাহিনীর সদস্যরা টোকেন (চাঁদা দিয়ে এক ধরনের কার্ড সংগ্রহ) না থাকায় ট্রলারে ডাকাতি এবং জেলেদের অপহরণ করছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণকৃত জেলেদের নির্যাতন করে, মোবাইলে আত্মীয়-স্বজনকে জানিয়ে মুক্তিপণ দিতে এবং টোকেন সংগ্রহ করতে বাধ্য করছে তারা।" পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু খান বলেন, "সিডরের পর অনেক জেলেকে ট্রলার তৈরি, জাল কেনা, জ্বালানি তেল ও বরফ দিয়ে সহায়তা করছে ব্যবসায়ীরা। এসব ট্রলারের জেলেদের অপহরণ করলে ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে ব্যবসায়ীদেরই মুক্তিপণের টাকা জোগাতে হয়।" গত পাঁচ মাসে জলদস্যুরা দুই শতাধিক ট্রলারে ডাকাতি করে কোটি টাকার মাছ, জাল, জ্বালানি তেল ও ইঞ্জিনের যন্ত্রাংশ নিয়ে গেছে বলে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান। মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা দাবি করেছেন, অনেক মৎস্য ব্যবসায়ী ও অনেক ট্রলার মালিকের সঙ্গে জলদস্যুদের সম্পর্ক রয়েছে। এসব মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা জলদস্যুদের কাছ থেকে চাঁদার টোকেন সংগ্রহ করে দিচ্ছে। আবার মুক্তিপণের টাকাটাও তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে বরগুনার ব্যবসায়ী ও ট্রলার মালিকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, বাগেরহাট এলাকার মৎস্য ব্যবসায়ীরা জলদস্যুদের এ অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জাহাঙ্গীর আলম জানান, তারা অভিযান অব্যাহত রাখলেও জলদস্যুদের ধরতে পারছেন না। তিনি মনে করেন, জেলেদের মধ্যেই জলদস্যুদের সোর্স রয়েছে যারা এদের সঙ্গে আঁতাত করে কোস্টগার্ডের টহলের খবর আগে ভাগে জানিয়ে দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৯১৯ ঘ.