২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্বাচিত সরকার জনগণের কল্যাণ চিন্তা করে না: মুহিত

আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অনির্বাচিত সরকার যতই মেধাবী হোক তারা কখনোই মানুষের দুঃখ-দুর্দশা ও কল্যাণের কথা ভাবে না। যে কারণে প্রয়োজন না থাকা সত্ত্বেও দেশে এখনো জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অনির্বাচিত সরকার যতই মেধাবী হোক তারা কখনোই মানুষের দুঃখ-দুর্দশা ও কল্যাণের কথা ভাবে না। যে কারণে প্রয়োজন না থাকা সত্ত্বেও দেশে এখনো জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে। তিনি শনিবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। আগামী সংসদ নির্বাচনকে একটি বড় পরীক্ষা উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এ পরীক্ষায় উত্তীর্ণ হবে। তবে শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে নাও যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। দুর্নীতি দমনের নামে সরকার যা করছে তা সুখকর নয় উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি দমনের জন্য প্রয়োজন সার্বিক পরিকল্পনা। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জাতিকে সে পরিকল্পনা উপহার দেবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বাংলাদেশের 'শ্রেষ্ঠ মেয়র' হিসেবে আখ্যায়িত করে তিনি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাংসদ সুলতানুল কবীর চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন আহমদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু জরুরি অবস্থা জারির পর থেকে বিদেশে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচবি/২১০৪ ঘ.