বগুড়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দিগ্রামে শনিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছে।
নন্দিগ্রামের তেগুড়ী গ্রামে রাত ৩টার দিকে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে নন্দিগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার জানিয়েছেন।
নিহতের আব্দুল আজিজ (৪৬)। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ নানা অভিযোগে আটটির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আজিজকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।
ওসি তোবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজিজকে শুক্রবার শেরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল।
তিনি বলেন, "আজিজকে নিয়ে পুলিশের দলটি রাত ৩টার দিকে তেগুড়ী গ্রামে গেলে আজিজের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে আজিজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।"
লাশটি ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি তোবারক জানান, চিহ্নিত ডাকাত সর্দার আজিজের বিরুদ্ধে নন্দিগ্রাম থানায় আটটি মামলা রয়েছে। এছাড়াও সিংড়া, নাটোর, শেরপুর থানাও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২২ ঘ.
bdnews24