রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার লক্ষ্মীবাজারের লিয়াকত হোসেন অনেক দরাদরির পর অবশেষে ১২০ টাকায় একটি প্যান্ট কিনলেন।
বিক্রেতা ওই প্যান্টটির দাম চেয়েছিল ৪০০ টাকা। দমবার পাত্র নন লিয়াকত। ৮০ টাকা থেকে দর শুরু করেন তিনি। প্রতিবারে বাড়িয়েছেন ২০ টাকা করে। আর বিক্রেতা প্রথমবারেই নেমে আসেন অর্ধেকে। এর কমে তিনি কোনোমতেই দেবেন না। কিন্তু লিয়াকত ১২০ টাকায় উঠতেই বললেন 'লন'।
প্যান্ট কেনার পর লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "এই প্যান্ট কিন্তু খুব খারাপ না। একই জিনিস এলিফ্যান্ট রোডে কিনতে গেলে ৩০০ টাকা লাগত।"
ছুটির দিন শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর ফুটপাতে পা ফেলারও উপায় ছিল না। জামা-কাপড়সহ নানা ধরনের পসরা সাজিয়ে বসেছিলেন হকাররা। আর এভাবেই লিয়াকতের মতো দরাদরি করে চলছিল বিকিকিনি।
লিয়াকত বলেন, "ফুটপাত থেকে সবাই কিনতে পারে না। কারণ এখান থেকে কিনতে হলে দর কষাকষির দক্ষতা থাকতে হয়।"
তবে দরকষাকষি না করেই আজিমপুরের সবিতা সরকার নির্ধারিত ১০০ টাকা মূল্যের একটি ভ্যানিটি ব্যাগ কিনলেন মিরপুর রোডে ঢাকা কলেজের উল্টোদিকের ফুটপাত থেকে। ভ্রাম্যমাণ ওই দোকানে অবশ্য দর কষাকষির কোনও সুযোগ নেই। দোকানির মুখেই বারবার বলা হচ্ছিল- "যা লন-১০০ টাকা।"
ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণি বিতানের পাশাপাশি রাজধানীর ফুটপাতে কেনা-বেচা জমে উঠেছে। গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররমের আশপাশ এলাকা, মিরপুর রোডে নিউ মার্কেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত, ফার্মগেটের ইন্দিরা রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তাজুড়ে বসে গেছে হকাররা।
ঈদকে সামনে রেখে স্বল্পমূল্যের এ সব দোকানে বিভিন্ন ধরণের পোশাক ছাড়াও জুতা, বেল্ট, চশমা, টুপি, ব্যাগ, ঘড়িসহ নানা ধরণের পণ্য পাওয়া যাচ্ছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে শার্টের দোকান দিয়ে বসেছেন চান মিয়া। তার দোকানে ১৫০ টাকা ও ২০০ টাকার দুই ধরনের শার্ট রয়েছে।
এবার ঈদে বিক্রি ভালোই হচ্ছে- জানিয়ে চান মিয়া বললেন, "সবাই মনে করে ফুটপাত মানেই দরকষাকষি। তবে এর ব্যতিক্রমও আছে। শত শত খরিদ্দারের সঙ্গে দরকষাকষি করতে ভালো লাগে না। তাই দাম নির্দিষ্ট করে দিয়েছি।"
প্রতিটি শার্ট ও গেঞ্জি ৩০ টাকা ও ৫০ টাকা দরে 'খালি ৩০', 'খালি ৫০' বলে চিৎকার করেও বিক্রি করছেন অনেক দোকানিরা। নির্দিষ্ট ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বেল্ট।
এদিকে ৫০০ টাকা দাম চেয়ে ১৫০ টাকায় পাঞ্জাবি বিক্রি করতে দেখা গেল বায়তুল মোকারমের সামনের রাস্তার এক বিক্রেতাকে।
১৫০ টাকাতেই যদি বিক্রি করবেন তাহলে ৫০০ টাকা দাম চাইলেন কেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা যে বেশি দাম চাই তা সবাই জানে। আবার সবাই এক দামে কেনে না। এতে লাভেরও হেরফের হয়।"
ফুটপাতের জুতার দোকানেও বেশ দরকষাকষি দেখা যায়। ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে এ সব জুতা।
নিউ মার্কেটের সামনের এক বিক্রেতা জানালেন, তিনি নিজেই জুতা তৈরি করেন। ঈদ উপলক্ষে প্রতিদিন গড়ে ৫০ জোড়া জুতা বিক্রি হচ্ছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩০৮ ঘ.
bdnews24