২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করেছেন। তাদের বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

শিহাবুদ্দীন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করেছেন। তাদের বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে বান কি মুনকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেছেন তিনি।" জলবায়ু পরিবতর্নের প্রভাব মোকাবেলায় জাতিসংঘের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন কার্যক্রমের প্রশংসা করেন ফখরুদ্দীন আহমদ। প্রেস সচিব জানান, বান কি মুন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। জর্জিয়া ও লাইবেরিয়ার শান্তিরক্ষী বাহিনীতে নতুন বাংলাদেশী সৈন্য দল পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমজিডি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, বান কি মুনও এ ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, বান কি মুনের বাংলাদেশ সফরের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২২৩ ঘ.