২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাতের গুলিতে একজন নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতের গুলিতে একজন জাকের হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তাদের হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতের গুলিতে একজন জাকের হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তাদের হামলায় আহত হয়েছেন আরও ২১ জন। এ সময় ডাকাতরা নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। নিহত জাকের হোসেন ইমামের ডেইল গ্রামের সোলতান আহমদের ছেলে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আবু তালেব (৩২), ছৈয়দ করিম (৩৮), আবদুল হক (৪৮), মোহাম্মদ উল্লাহ (৪৫), হাজী মোজাফ্ফর (৫০), এলাদ হোসেন (৩২), ফকির আহমদ (৩৫), আবদুল হামিদ (৪৫), নুরুল্লাহ (২১), জসিম উদ্দিন (২৩), অজি উল্লাহ (২৫), জিপের হেলপার বেলাল (২৫), সেলিম ড্রাইভার (৩০) ও শাকের আহমদ (২৬)। এদের মধ্যে গুলিবিদ্ধ আবু তালেবের অবস্থা আশংকাজনক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে ১৪/১৫ জনের ডাকাত দল জালিয়াপালং ইউনিয়নের রূপপতি খালে মাছ ধরতে যাওয়া ৫/৬ জনকে ধরে পাটুয়ারটেক এলাকায় নিয়ে মারধর করে বেঁধে রাখে। এছাড়া রাত ১২টার দিকে ইনানি থেকে মনখালীগামী যাত্রীবাহী একটি জিপ ওই স্থান দিয়ে যাওয়ার সময় একই ডাকাত দল গাড়িটি আটকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যাত্রীদের আহত করে। ঘটনার শিকার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হক জানান, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ঈদের বাজার করা কাপড়-চোপড়, মোবাইল ফোন সেটসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্শী জানান, ডাকাতি ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত জাকের হোসেনের লাশ উদ্ধার করেছে। যাতায়াতের অসুবিধার কারণে তাৎক্ষণিক ডাকাত দলকে ধরতে পারেনি পুলিশ। তবে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে এ এলাকায় পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটলো। ডাকাতির ঘটনার প্রত্যক্ষদর্শী সেলিম ড্রাইভার বলেন, "ওই অঞ্চলে গাড়ি যোগাযোগ জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল হওয়ায় ডাকাতির ঘটনা বেড়েই চলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.