বরিশাল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আমতলা সড়কদ্বীপে শুক্রবার সকালে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় বিহঙ্গ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এটাই বরিশালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
বরিশালের সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করেন। সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু চলতি বছরের ২৪ মে আমতলা মোড়ে এ ভাস্কর্যের ভিত্তিফলক স্থাপন করেন।
অনুষ্ঠানে মেয়র হিরন বলেন, "নগরীর নতুন সড়কগুলোর নামকরণ করা হবে বীর মুক্তিযোদ্ধাদের নামে।"
মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার পাশাপাশি বরিশালের যেসব মনীষী ও গুণীজন লোকান্তরিত হয়েছেন তাদের স্মৃতি রক্ষায়ও পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ কাজে তিনি সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরিশাল চারুকলা'র উদ্যোগে এবং বরিশাল সিটি করপোরেশনের অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।
বরিশাল চারুকলা'র সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ সাংবাদিকদের জানান, বিজয় বিহঙ্গের নক্সা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান শিল্পী হামিদুজ্জামান খান এবং তরুণ ভাস্কর আমিনুল হাসান। ঢাকার নির্মাণ প্রতিষ্ঠান স্পেস মার্কেটিং কমিঊনিকেশন ওই ভাস্কর্য নির্মাণের ঠিকাদারি কাজ পেয়েছে। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ সাত হাজার টাকা।
তিনি জানান, মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতীক হিসেবে লাল ইটের বৃত্তাকার সোপানের কেন্দ্র থেকে উঠে আসা ত্রিকোণ বেদীর উপর স্থাপিত থাকবে বাঙালির সশস্ত্র সংগ্রামের প্রতীক বেয়নেট আকৃতির ইস্পাত দণ্ড। বেদীর ত্রিকোণ আকৃতি জল, স্থল ও আকাশে শত্র"র বিরুদ্ধে লড়াইয়ের উপমা। ইস্পাত ব্যবহারে ভাস্কর্যের ফর্মে থাকবে শানিত প্রত্যয়। সমতল থেকে ত্রিশ ফুট উচ্চতার ভাস্কর্যটির থিম হবে আকাশ স্পর্শ করার সাহস।
তিনি আরও জানান, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বরিশাল শত্র"মুক্ত হওয়ার প্রতীক হিসেবে বিজয়ী বীরদের প্রতীকী ইস্পাত দণ্ড ঘিরে শত্র"মুক্ত স্বদেশের নীলাকাশে রুপালী ডানা মেলে দিয়েছে আটটি পাখি- যার ১৬টি ডানামেলা প্রতীকে ফুটে উঠেছে ১৬ ডিসেম্বরের বিজয় গাথা।
ভাস্কর্যটির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কেএম শহিদুল্লাহ ও সুশান্ত ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24