মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে 'রেগুলার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন'। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে।
শুক্রবার মুন্সীগঞ্জের শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২৭ কিলোমিটার। সরকার নির্ধারিত হার অনুযায়ী (প্রতি কিলোমিটার ১ টাকা ১০ পয়সা) বাসের ভাড়া হয় ২৯ টাকা ৭০ পয়সা। গত ২২ জুলাই এ হারে ৩০ টাকা ভাড়া নির্ধারণ ও কার্যকর হয়। বর্তমানে ৩৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ মামুন উত্তম জানান, ১ সেপ্টেম্বর থেকে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে। কিন্তু যাত্রীদের প্রবল প্রতিবাদ এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপে তা বন্ধ হয়।
কিন্তু পরে মুন্সীগঞ্জ পৌর নাগরিক কমিটি, মুন্সীগঞ্জ শতায়ু সংঘ, মুন্সীগঞ্জ আঞ্জুমানে মফিদুল ইসলাম ও কাটাখালী ব্যবসায়ী সমিতির নামে ভাড়া বাড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। এর পেছনে বাস মালিকরা রয়েছেন বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, ২১ সেপ্টেম্বর এসব সংগঠনের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। পরদিন ২২ সেপ্টেম্বর থেকেই জনপ্রতি ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, নিয়মিত যাত্রী মাসুম চৌধুরী, বাদল রহমান, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন, আহমেদুর রশীদ প্রমুখ।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, অনুমোদন না নিয়ে ৫টাকা অতিরিক্ত ভাড়া আদায় অন্যায় ও অবৈধ। এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
মুন্সীগঞ্জ-ঢাকা রুটে ঢাকা ট্রান্সপোর্ট ও মুন্সীগঞ্জ ট্রান্সপোর্ট লাইনের বাস রয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ ট্রান্সপোর্ট কয়েক দিন ধরে বাস বন্ধ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24