২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনার সাবেক সাংসদ ফজলুর রহমান খান মারা গেছেন

নেত্রকোনা-২ (বারহাট্টা-নেত্রকোনা সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান খান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-২ (বারহাট্টা-নেত্রকোনা সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান খান মারা গেছেন। শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে যান। শহরের ছোট বাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে জেলা সভাপতি মো. সামছুজ্জোহা এ তথ্য জানান। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা চন্দ্রনাথ হাই স্কুল মাঠে প্রথম এবং সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়ায় নিজ গ্রামে ফজরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ফজলুর রহমান খানের মৃত্যুর খবর পেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, অসীম কুমার উকিল, মঞ্জুর কাদের কোরেইশী, আহম্মদ হোসেন, শফি আহম্মেদ, অ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নূর খানসহ নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। ফজলুর রহমান খান ১৯২৮ সালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৭৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ২৬ বছর তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৩, ১৯৮৬ ও ১৯৯৬ সালে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতি ছাড়াও ফজলুর রহমান খান রেড ক্রিসেন্ট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলন, ৬ দফা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ রাজনৈতিক কারণে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৫ ঘ.