২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ ও ৭১ এর নেতা কামরুজ্জামানের মৃত্যু

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যক্ষ কামরুজ্জামান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছোট মেয়ে পারভীন হাসান কল্পনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যক্ষ কামরুজ্জামান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছোট মেয়ে পারভীন হাসান কল্পনা। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কামরুজ্জামান সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পারভীন হাসান কল্পনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বাদ জুম্মা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার বাবার জানাজার নামাজ হবে। তাদের ইচ্ছা মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার বাবাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন দেওয়া হোক। কামরুজ্জামান দুই ছেলে, চার মেয়ে ও পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। কিডনি ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে অধ্যক্ষ কামরুজ্জামান গত ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত এই নেতা বাংলাদেশে শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি ছিলেন সার্ক শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ঢাকার কে এল জুবিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের ব্যাপারে সংগ্রাম করেছেন। কামরুজ্জামান তিনবার সাংসদ নির্বাচিত হন। ১৯২৭ সালের ১ জানুয়ারি শৈলকুপায় জন্মগ্রহণ করেন কামরুজ্জামান। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় পাকিস্তান আন্দোলনে যোগ দেন। তিনি এক সময় কমিউনিষ্ট পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তাকে আটক করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের নয় জনের একজন ছিলেন তিনি। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার সময়ই তিনি দলটির সঙ্গে যুক্ত হন। অধ্যক্ষ কামরুজ্জামান ১৯৫৪ সালে যুক্তফন্ট থেকে পুর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য এবং ১৯৭০ সালে ঝিনাইদহ থেকে এম এন এ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি একজন বলিষ্ঠ সংগঠকের ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং বহু মুক্তিযোদ্ধাকে তিনি ভারতে নিয়ে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ প্রতিনিধি/আরবি/এমএআর/জিএনএ/২১০৪ ঘ.