২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরের প্রথম সপ্তাহে একসঙ্গে তফসিল

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ''এই দুই নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে একসঙ্গে দেওয়া হবে। এর আগেই, ১২ অক্টোবর সারাদেশে ভোটার তালিকা চূড়ান্ত হবে।" সংসদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর এবং উপজেলা নির্বাচন দুই ধাপে ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাখাওয়াত হোসেন জানান, জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ হয়ে উপজেলা নির্বাচনের সময় সেগুলোতে পুনরায় ভোটগ্রহণ করা হবে। ''জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্র বন্ধ হয়ে গেলে উপজেলা নির্বাচনের সময় এসব কেন্দ্র চালু হবে। ওইসব কেন্দ্রের ভোটারদের জাতীয় নির্বাচনের ব্যালট পেপারও দেওয়া হবে। থাকবে আলাদা বাক্সও।'' নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তারা যাতে ভোট দিতে পারেন সেজন্য তাদের 'পোস্টাল ব্যালট পেপার' সরবরাহ করবে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যদের এবার এ সুযোগ দেওয়া সম্ভব হবে না। সাখাওয়াত বলেন, ''ভোটগ্রহণ কর্মকর্তা তথা পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টাল ব্যালট পেপার সরবরাহ করা হবে। তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তা ডাক যোগে তা পাঠিয়ে দিতে পারবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যের এ আওতায় এবার আনা সম্ভব হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/১৯০৬ ঘ.