ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন ও সামাজিক খাতে অবদানের জন্য 'ডেভিড রকফেলার ব্রিজিং লিডারশিপ অ্যাওয়ার্ড' গ্রহণ করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ।
মঙ্গলবার নিউ ইয়র্কের লিংকন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন ডেভিড রকফেলার।
ফজলে হাসান আবেদের পাশাপাশি জর্দানের রানী রানিয়া আল আব্দুুল্লাহ চলতি বছর এ পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার ব্র্যাকের মিডিয়া অ্যাফেয়ার্স ম্যানেজার জিয়া হাশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "দারিদ্র্য বিমোচন ও সামাজিক খাতে অনবদ্য ভূমিকার জন্য এ বছর ফজলে হাসান আবেদকে এ পদক দেওয়া হয়। দরিদ্রদের ক্ষমতায়ন, তাদের মানববাধিকার লাভে সহায়তা এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনীমূলক কাজ করার জন্য আবেদ এ পুরস্কার পেয়েছেন।"
লিংকন সেন্টারে ওই অনুষ্ঠানে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী কেনিয়ার ওয়াংগারি মাথাই বক্তব্য রাখেন।
অলাভজনক প্রতিষ্ঠান সিনারগোস ইনস্টিটিউট প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচনে কার্যকর, স্থায়ী ও স্থানীয় পর্যায়ে সমাধান প্রণয়নে কাজ করে।
বছরে সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তাদেরকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং বিল গেটস পরিবার গত বছর 'ডেভিড রকফেলার ব্রিজিং লিডারশিপ অ্যাওয়ার্ড' পান।
ডেভিড রকফেলার, যার নামে এ পুরস্কার, তাকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ২০০৩ সালে এটি প্রবর্তন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৪ ঘ.
bdnews24