২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে জহুরুলপত্নীর কোটি টাকার স্বর্ণালঙ্কার

'৮০ টিও বেশি চুড়ি ও বালা, ওজন প্রায় দেড় কেজি। গলার হার ও চেন কমপক্ষে ৩০টি। কানের দুল ১২৪টি। অংটি অগুণতি। অন্যান্য অলঙ্কারও আছে।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'৮০ টিও বেশি চুড়ি ও বালা, ওজন প্রায় দেড় কেজি। গলার হার ও চেন কমপক্ষে ৩০টি। কানের দুল ১২৪টি। অংটি অগুণতি। অন্যান্য অলঙ্কারও আছে।' এভাবেই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক পরিচালক (গবেষণা ও পরিসংখ্যান) মো. জহুরুল হকের বাসা থেকে গত বছর উদ্ধার করা অলঙ্কারের হিসাব দিলেন পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব। এসব অলঙ্কার বুধবার বিশেষ জজ আদালত-৩ এ আনা হলে উপস্থিত সবার মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। উপপরিদর্শক আহসান হাবিব আদালতের পেসকারের হাতে একটি করে স্বর্ণালঙ্কার দিচ্ছিলেন, আর বিচারক শাহেদ নূর উদ্দিন তা নথিভুক্ত করছিলেন। এক সময় তিনি একটি অলঙ্কার দেখিয়ে জিজ্ঞেস করেন, "এটা কোথায় ব্যবহার করা হয়?" রমনা থানার উপপরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর আদালতকে বলেন, "এসব স্বর্ণালঙ্কারের ওজন চার কেজিরও বেশি। চলতি বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এসব স্বর্ণালঙ্কার জহুরুল হকের স্ত্রী আফিয়া হকের। পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুলেরও অলঙ্কার আছে এখানে। এই পরিমাণ অলঙ্কার দিয়ে একটি বড় জুয়েলারির দোকান চালানো যায়।" রমনা থানা পুলিশ গত বছর ২২ মার্চ সিদ্ধেশ্বরীর ইষ্টার্ন হাউজিং-এ জহুরুল হকের বাসা থেকে ওই স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার এফডিআর উদ্ধার করে। এরপর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. মনিরুজ্জামান খান গত ৯ জানুয়ারি ঘোষিত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে জহুরুল হক ও তার স্ত্রী আফিয়া হকের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, জহুরুল হক কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯৩ লাখ ৯১ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়া তিনি অবৈধভাবে এক কোটি ২২ লাখ ২০ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। জহুরুল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৯০২ ঘ.