২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে বরিশালে এক পরিবারের ৩ জনের যাবজ্জীবন

বরিশালে সেলিম প্যাদা নামের এক যুবককে হত্যার দায়ে এক পরিবারের তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে সেলিম প্যাদা নামের এক যুবককে হত্যার দায়ে এক পরিবারের তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ বুধবার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের নাননু প্যাদা, তার ভাই নয়ন প্যাদা এবং বোন মাহিনুর বেগম। আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তবে দণ্ডপ্রাপ্তদের বাবা রহিম প্যাদা, মা হাকিমুন্নেছা এবং বোন মেহের নেগারকে খালাস দিয়েছে আদালত। মামলার নথির উদ্ধৃতি দিয়ে সরকারি কৌঁসুলী (পিপি) আব্দুর রহিম খান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের সঙ্গে প্রতিবেশী দলিল উদ্দিন প্যাদার জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর দলিল ও তার ছেলে সেলিমের ওপর হামলা চালায় আসামিরা। এতে আহত সেলিম দুই দিন পর মারা যায়।" দলিল উদ্দিন পরে ছয় জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। ওই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৪৬ ঘ.