নড়াইল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল শহরতলীর পংকবিলা মাঠে এক মাঝিকে হত্যা করেছে সন্ত্রাসীরা ।
বুধবার সকালে আব্দুস সাত্তার (৪০) নামে ওই মাঝির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পংকবিলা গ্রামের সাত্তার নড়াইল শহরের রূপগঞ্জ খেয়াঘাটে নৌকা বাইতেন।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক জি জি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত ১২টার দিকে সাত্তার রূপগঞ্জ খেয়াঘাট থেকে বাড়ির পথে রওনা হন। এর পরই তাকে হত্যা করা হয়।"
বুধবার দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করা যায়নি।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনিল মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত্তার গত ১৩ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
একই গ্রামের হাসেম সিকদারের ছেলে শহীদুল ইসলামের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগ এনেছিলেন সাত্তার।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১৪ ঘ.
bdnews24