চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে প্রায় দুমাস পর আমদানি করা 'রিকণ্ডিশন' গাড়ি ছাড়ের প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা। মঙ্গলবার এ সংক্রান্ত বেশ কিছু ব্যাংক গ্যারান্টি বাছাই শেষে গাড়ি ছাড়ের জন্য কাগজ ইস্যু করা হয়েছে বলে চট্টগ্রাম শুল্ক ভবন কর্মকর্তারা জানিয়েছেন।
'অবচয় সুবিধা' নিয়ে শুল্ক কর্তৃপক্ষের প্রজ্ঞাপনের বিরোধিতা করে আমদানিকারকরা আগস্ট মাসের শুরু থেকে গাড়ি ছাড় করানো বন্ধ করে দেন। এ নিয়ে হাইকোর্টে রিট দায়েরের পর তাতে জয়ী হয় রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকল্স ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা)। এনবিআর এ আদেশের বিরুদ্ধে আপিল করেছে। আগামী ১৪ অক্টোবর এ আপিলের শুনানির দিন ধার্য করেছে আদালত।
তবে গাড়ি জট ও শুল্কায়ন নিয়ে জটিলতা সাময়িকভাবে নিরসনে গত রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরনো নিয়ম অনুযায়ী গাড়ি ছাড় করানোর এক আদেশ জারি করে। তবে বিষয়টির আইনি সুরাহা না হওয়া পর্যন্ত যে বাড়তি শুল্ক আসবে তার জন্য আমদানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিতে বলা হয়েছে এতে।
চট্টগ্রাম শুল্ক ভবনের উপ কমিশনার (আমদানি) রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানিকারকদের অনেকেই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে গাড়ি ছাড় করানোর জন্য যোগাযোগ করছেন। মঙ্গলবার বেশ কয়েকটি ব্যাংক গ্যারান্টির কাগজও হাতে পেয়েছি। শুল্ক ভবন থেকে যত দ্রুত সম্ভব ব্যাংক গ্যারান্টির বিষয়টি নিশ্চিত হয়ে গাড়ি ছাড়ের জন্য কাগজপত্র ইস্যু করা শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় আজকালের মধ্যে বন্দর থেকে তারা গাড়ি ছাড় শুরু করতে পারবেন।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, জটিলতা কমিয়ে এ প্রক্রিয়া স্বল্প সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে একদিনের মধ্যে গাড়ি ছাড় করানো যায়। তিনি আশা প্রকাশ করেন আমদানিকারকরা এ সুযোগ নিয়ে ঈদের আগেই অধিকাংশ গাড়ি ছাড় করিয়ে নেবেন।
বন্দরের উপ-ব্যবস্থাপক (পরিবহন) মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে বন্দরে পাঁচ হাজারের বেশি গাড়ি ছাড়ের অপেক্ষায় রয়েছে। অথচ বন্দরের চারটি শেডে মাত্র দুই হাজার আটশটি গাড়ি রাখার স্থান রয়েছে । ব্যাংক গ্যারান্টির প্রক্রিয়া শেষে বন্দরে কাগজপত্র আসার পর পুরোদমে গাড়ি ছাড় শুরু হতে আরও দু/একদিন লেগে যাবে।
বারভিডা মহাসচিব আব্দুল হামিদ শরীফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছু আমদানিকারক ব্যাংক গ্যারান্টির মাধ্যমে গাড়ি খালাসের প্রস্তুতি শুরু করেছেন। এ বিষয়টি ঐচ্ছিক সিদ্ধান্ত হওয়ায় বারভিডা তার সদস্যদের মধ্যে এটি চাপিয়ে দিতে পারে না।
তবে এসব গাড়ির বড় একটি অংশ আগাম বিক্রি হওয়ায় কিংবা অর্ডার থাকায় আমদানিকারকরা দ্রুততম সময়ে তা খালাসের চেষ্টা চালাবেন বলে তিনি মনে করেন।
বারভিডার মহাসচিব শরীফ জানান, পদ্ধতিগত কারণে ব্যাংক গ্যারান্টির কাগজপত্র তৈরিতে একটি জটিল প্রক্রিয়া পার হতে হয়। এ কারণে কিছুটা সময়ের প্রয়োজন। আমদানিকারকরা আশা করেছিলেন মঙ্গলবার হাইকোর্টে আবার শুনানি শেষে বিষয়টির সুরাহা হবে। কিন্তু এনবিআর এর আপিল আবেদনটি ত্র"টিপূর্ণ হওয়ায় তা গ্রহণ না করে নিয়ম মাফিক আবেদন করতে বলেছে আদালত। এক্ষেত্রে উভয় পক্ষকে ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি জানান, আমদানিকারকরা এতদিন বসে না থেকে এনবিআরের অর্ন্তবর্তীকালীন আদেশের পরিপ্রেক্ষিতে ব্যাংক গ্যারান্টি দিয়ে গাড়ি খালাস শুরু করেছেন।
চট্টগ্রামের আমদানিকারক ও বারভিডার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে গাড়ি খালাসের জন্য কিছু ব্যবসায়ী উদ্যোগ নিয়েছেন। অনেকেই কাগজপত্র তৈরি করছেন এবং আগামী দু/তিন দিনের মধ্যে বন্দর থেকে গাড়ি খালাস শুরু হবে।
তবে আরেকজন আমদানিকারক এইচএনএস অটোমোবাইলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক গ্যারান্টির বিষয়টি সুস্পষ্ট না হওয়ায় অনেকেই গাড়ি খালাস করবেন না। যদি এনবিআর অবচয়ের হিসাবে বাড়তি শুল্ক আদায় করে সেক্ষেত্রে অতিরিক্ত টাকা বিক্রেতা না ক্রেতা দেবেন তা স্পষ্ট না হওয়ায় গাড়ি ছাড় বাধাগ্রস্ত হবে।
ব্যাংক গ্যারান্টি কোন সমাধান নয় বলে ক্ষোভ প্রকাশ করেন শহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২১৫০ঘ.
bdnews24