খুলনা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া মজুরি পরিশোধসহ দশ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত চারটি পাটকলের শ্রমিকরা মঙ্গলবার তাদের নিজ নিজ মিলের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে।
চার ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি চলাকালে আলিম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং জুটমিলে শ্রমিকরা সমাবেশ করে।
একই দাবিতে পাটকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ আগামী ২৭ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা কারখানাগুলোতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে।
আলীম জুট মিলের শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়াজদান আলী জানান, শ্রমিকদের ১০ দফা দাবিতে চারটি মিলের শ্রমিকরা মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ মিলের সামনে চারটি পৃথক সমাবেশ করেছে।
জেজেআই ও কার্পেটিং জুট মিলেও একই কর্মসূচি পালিত হয় বলে জানান শ্রকি নেতা ইয়াজদান আলী।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া সকল পাওনা পরিশোধ, শূন্য পদের বিপরীতে বদলি শ্রমিকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে স্থায়ীকরণ, ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, ২০০৫ সালের মজুরি কমিশনের বেতন কাঠামো অনুসারে পাওনা বকেয়া প্রদান, অবসরপ্রাপ্ত ও ছাঁটাই হওয়া শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটিসহ সব বকেয়া প্রদান, আন্দোলনের কারণে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, পাট মৌসুমে কাঁচা পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া প্রভৃতি।
ঘেরাও কর্মসূচি চলাকালে ইস্টার্ন জুট মিলের সামনে সমাবেশে বক্তৃতা করেন-আলিম জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক ইয়াজদান আলী, ফজলুর রহমান, আলমগীর হোসেন, বেলাল হোসেন, মোজাম্মেল হক, সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
আলিম জুট মিলের সমাবেশে বক্তৃতা করেন ওই মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জমাদ্দার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আবদুল হামিদ সরদার প্রমুখ।
শ্রমিক নেতা আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ অঞ্চলের সাতটি পাটকলের মধ্যে ছয়টিতে কাঁচা পাট কেনার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আলিমে কোনো টাকা দেওয়া হয়নি। এছাড়া এই মিলের শ্রমিকদের ঈদের আগে বোনাস দেওয়া হবে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24