২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ-ভাংচুর

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

সাভার, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুর করেছে। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ২০ মিনিট বন্ধ থাকে। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক শেখ সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওনারওয়ে টেক্সটাইল অ্যান্ড এ্যাপারলেস লিমিটেড নামের কারখানাটির প্রায় দুশ' শ্রমিক সকাল ৯টার দিকে কারখানায় ঢোকার চেষ্টা করে। মূল ফটকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজার) নিরাপত্তা কর্মীরা তাদের ভিতরে ঢুকতে না দেওয়ায় শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েশ' যানবাহন। প্রায় ২০ মিনিট পর বেলা ১১টা ২০ মিনিটে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ১০/১২টি গাড়ি ভাংচুর করে। উপ-পরিদর্শক শেখ সাদী জানান, পুলিশের লাঠিচার্জে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন না পেলে ঈদের সময় ছেলে-মেয়েদের জামাকাপড় তো দূরে থাক ভালো-মন্দ খাবার কিনতে পারবেন না তারা। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা নিয়েছেন। এ সময় ধারও পাওয়া যাবে না। ঈদের আগে তাদের সব পাওনা না পেলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান। বেপজার মহাব্যবস্থপক (জিএম) এজেডএম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হংকং ও চীনা নাগরিকের যৌথ মালিকাধীন কারখানাটি একজন অংশীদার গেছেন। কারখানা চালানোর মত লোক না থাকায় গত ২০ জুলাই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। কারখানাটি না খোলা পর্যন্ত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা কোনভাবেই সম্ভব নয়। তিনি বলেন, কারখানার শ্রমিক সংখ্যা ১১শ'। এতো জন শ্রমিকের বেতন-ভাতার এত টাকা বেপজা কর্তৃপক্ষের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আগামী এক সপ্তাহের মধ্যে কারখানাটি বিক্রির জন্য দরপত্র ডাকা হবে। সবোর্চ্চ দরদাতাকে কারখানাটি বুঝিয়ে দেওয়া হবে। বেপজা কর্মকর্তা বলেন, কারখানাটি যারা কিনবেন তারাই শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করবেন। ততোদিন অপেক্ষা করতে হবে শ্রমিকদের। খুব শিগগিরই এ বিষয়ে ফয়সালা হবে বলে তিনি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১০২ ঘ.