ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ আদায়ের নামে গ্রাহকের গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী ওসমান মুরাদ ও ব্যাংকের ধানমণ্ডি শাখার সিনিয়র ম্যানেজার (কালেকশন) জিয়া হাসান চৌধুরীর বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ঢাকার মুখ্য মহানগর আদালত ধানমণ্ডি থানাকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। টিভি চ্যানেল এটিএন বাংলা এ তথ্য জানায়।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে এটিএন বাংলা জানায়, ২০০৬ সালে রাজধানীর নিউ ডিওএইচএস এর আফরোজা জামিল নামে একজন মাইক্রোবাস কেনার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নেন। ৬০ কিস্তিতে ঋণটি পরিশোধের চুক্তি ছিল। ধারাবাহিকভাবে ১৯ কিস্তিতে ৭ লাখ টাকা পরিশোধের পর তিন কিস্তি শোধ করতে ব্যর্থ হন তিনি। ব্যাংক ঋণ পরিশোধের চূড়ান্ত নোটিশ না দিয়েই ক্রেডিট কেয়ার নামের একটি ঋণ আদায়কারী প্রতিষ্ঠানের ভাড়াটে মাস্তান দিয়ে এ বছরের ২ মার্চ মাইক্রোবাসটি ছিনিয়ে নেয়।
এই অভিযোগে আফরোজা জামিল গত ৩০ মার্চ মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন। সাড়ে ৫ মাসের তদন্ত শেষে পুলিশ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ধানমণ্ডি থানাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।
তবে ধানমণ্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ পাওয়ার কথা জানান। তিনি বলেন, "আফরোজা জামিল নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় (দণ্ডবিধির ৩৯২ ধারায়) সিনিয়র ম্যানেজার (কালেকশন) জিয়া হাসান চৌধুরীর নামে গ্রেপ্তারি পরোয়ানা ধানমণ্ডি থানায় এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২৩২৯ ঘ.
bdnews24