ফরিদপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর ও রাজবাড়ী বন বিভাগের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার ফরিদপুর দুদকের সহকারী পরিচালক নূর হোসেন খান কোতোয়ালি থানায় ১০ জনের বিরুদ্ধে দুটি এবং রাজবাড়ী সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
আসামিরা হলেন- ফরিদপুরের পূর্ব গঙ্গাবর্দী নবায়ন কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা কাজী মাহীনূর রহমান খান, ফরেস্টার আহাদুজামান, শাহীদুল আলম ও মো. হাবিবুর রহমান, ফরিদপুর সদর সামাজিক বনায়ন কেন্দ্রের সাবেক ডেপুটি রেঞ্জার মো. মুজিবুর রহমান, ফরেস্টার নির্মল কুমার দত্ত, মোদাচ্ছের হোসেন, মো. সালাউদ্দিন, মো. সেলিম, নারায়ণ চন্দ্র মজুমদার এবং রাজবাড়ী কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ফরেস্টার নজরুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও নির্মল কুমার মণ্ডল।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। দুদক কর্মকর্তারাই অভিযোগ তদন্ত করবেন।"
দুদক কর্মকর্তা নূর হোসেন খান জানান, ২০০৫ সালের নভেম্বর থেকে ২০০৬ সালের মার্চ মাস পর্যন্ত ফরিদপুর সদরের দুটি ও রাজবাড়ীর একটি সামাজিক বনায়ন কেন্দ্রে গ্রাম্যনেতা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়। এ তিনটি কেন্দ্রে মোট ৮৯৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ৮৯৩ জনের পরিবর্তে প্রশিক্ষণার্থী দেখানো হয় ১৩৪৬ জন। অতিরিক্ত প্রশিক্ষণার্থী দেখিয়ে দুই লাখ ২৬ হাজার ৯৬ টাকা আত্মসাৎ করা হয়।
তিনি বলেন, "পরস্পর যোগসাজশে ভুয়া বিল ভাউচার দেখিয়ে আসামিরা সরকারি টাকা আত্মসাত করেছেন।"
অভিযুক্ত ফরেস্টার নির্মল কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি একটি মিথ্যা মামলা। আমরা যাদের নামে ভাউচার করেছি তাদের সবাইকে খুঁজে পাইনি। দুদক এটাকে দুর্নীতি বলে মামলা করেছে।"
ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, "যে সময়ের ঘটনা তখন আমি ফরিদপুর ছিলাম না। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাইকে আমি চিনি। মামলা আইনি প্রক্রিয়ায় ফায়সালা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24