ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধে দল নিবন্ধন বিধি সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে কিছু সংশোধনী আনা হবে।
প্রস্তাবিত সংশোধনীগুলো ছাড়া আর কিছুই করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন,''আমাদের যতটুকু ছাড় দেওয়ার ছিল, দিয়েছি। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।"
সোমবার কমিশন সচিবালয়ে প্রধান নির্বাাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।
'না' ভোটের বিধান, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বিদেশি শাখা না রাখার বিষয়ে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্তে অটল থাকছে। এছাড়া অন্য সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোটামুটি ঐক্যমত হয়েছে বলে দাবি করেছেন সিইসি।
তিনি বলেন, "সব ধরনের নির্বাচনী আইন ও পুনর্র্নিধারিত সীমানা বহাল রেখে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। 'না' ভোটের বিধান, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও বিদেশি শাখা না রাখার বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকলেও আমরা তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে নিবন্ধন বিধি কিছুটা সহজ করা হবে।"
সহযোগিতা ও সহমর্মিতা দেখিয়ে 'ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ' পেছনে ফেলে এগিয়ে আসার আহ্বান জানান সিইসি বলেন, ''সব রাজনৈতিক দলের সব কথা আমাদের রাখা সম্ভব হবে না।''
রাজনৈতিক দলের নিবন্ধন বিধিতে দুটো বিকল্প সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে শামসুল হুদা বলেন, "দলীয় গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য জরুরি অবস্থাকে কোনভাবেই অজুহাত হিসেবে দাঁড় করা যাবে না। দলগুলো কাউন্সিল করার প্রয়োজন বোধ করলে নির্বাচন কমিশন ও সরকার ৫ থেকে ২০ হাজার লোক সমাগমের অনুমতি দেবে। আর তা না করলে দলীয় গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী এনে অস্থায়ী গঠনতন্ত্র কমিশনে জমা দিতে হবে।"
তবে ছয় মাসের মধ্যে এই অস্থায়ী গঠনতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে বলে জানান তিনি।
নিবন্ধন ছাড়া নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, ''চাইলে নিবন্ধিত দলের পরস্পরের মধ্যে জোট করার যেমন সুযোগ রয়েছে তেমনি অনিবন্ধিত দলও নিবন্ধিত দলের সঙ্গে জোট করতে পারবে।
জোট করলে নিবন্ধিত দলেরই প্রতীকে নির্বাচন করতে হবে জানিয়ে সিইসি বলেন, এক্ষেত্রে অনিবন্ধিত দলের কোনো হিসাব থাকবে না ইসির কাছে।
শামসুল হুদা আরও জানান, সময় স্বল্পতার বিষয়টি বিবেচনায় রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত খেলাপীদের ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হবে। এছাড়া বিল খেলাপি, গৃহ ও কৃষি ঋণ গ্রহীতা, এনজিওর নির্বাহী পদের সংজ্ঞা এবং দলগুলোর নির্বাচনী ব্যয়সীমার বিষয়েও সংশোধনী আনা হবে। এক সপ্তাহের মধ্যে তা সরকারের কাছে পাঠানো হবে।
এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশে কয়েকটি 'ছোটোখাটো' সংশোধনী আনতে হবে বলে সিইসি জানান। প্রস্তাবিত এসব সংশোধনী ছাড়া আর কিছুই করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন,''আমাদের যতটুকু ছাড় দেওয়ার ছিল, দিয়েছি। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।"
শামসুল হুদা বলেন, "সংস্কার কার্যক্রমকে পাশ কাটানোর কোনো উপায় নেই। গত দেড় বছরে আমরা রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী ও ব্যক্তির সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আইনী সংস্কার এনেছি। রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা ও সহমর্মিতা দেখিয়ে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পেছনে ফেলে এগিয়ে আসতে হবে।"
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সিইসি বলেন, "আমাদের যতটুকু করার তা আমরা করেছি। এখন নির্বাচনের প্রস্তুতির সময়। এখন কোনো কিছু কমিশনের হাতে নেই। বল এখন রাজনৈতিক দলের কোর্টে। খেলাটা রাজনৈতিক দলগুলোকেই খেলতে হবে।"
গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জানান, নির্বাচন কমিশন আগামী ১৮ ডিসেম্বর জাতীয় এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।
সোমবার সিইসির এসব তারিখ ঘোষণার কথা ছিল।
সিইসি জানান সারাদেশে ভোটার তালিকা হাতে পাওয়ার পর ইসি তফসিল ঘোষণা করবে।
জাতীয় নির্বাচনের সাত দিনের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে সিইসি বলেন, "সম্ভব জেনেই আমরা এ তারিখ দিয়েছি।" এছাড়া নির্বাচিত সরকারের সময়ে সুষ্ঠুভাবে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে বলে জানান তিনি।
দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির এ সময় সিইসির সঙ্গে ছিলেন।
নির্বাচন কমিশন ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন নির্বাচনী আইন ও বিধি নিয়ে তিন দফা আলোচনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/১৮২৫ঘ.
bdnews24