ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মঙ্গলবার আরো দুটি থানার উদ্বোধন হচ্ছে।
বৃহত্তর মীরপুর এলাকার দারুস সালাম ও দক্ষিণ ঢাকার শ্যামপুর এলাকার কদমতলীতে এ দুটি থানা নিয়ে ঢাকা মহানগরীতে থানার সংখ্যা দাঁড়াবে ৩৫ এ।
পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন থানা হওয়া মানে জনগণকে পুলিশের কাছাকাছি নিয়ে যাওয়া। এলাকা কমে আসায় পুলিশের নজরদারি সহজ হবে, জনগণও উপকৃত হবে।"
পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় দারুস সালাম এবং বেলা ১২টায় কদমতলী থানার উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক।
১৯৭৬ সালের ১ ফেব্র"য়ারি ১২টি থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে ঢাকা মহানগর পুলিশের যাত্রা শুরু হয়। পরবর্তী কালে থানার সংখ্যা বাড়িয়ে করা হয় ২১টি। এরপর দুই দফায় ৬টি করে আরো ১২টি থানার কার্যক্রম শুরু হয়। বর্তমানে থানার সংখ্যা ৩৩। মঙ্গলবার এর সঙ্গে যুক্ত হবে আরো দুটি।
মাসুদুর রহমান জানান, আরো ৬টি থানার অনুমোদন নেওয়া আছে। খুব শিগগিরই এসব থানার কার্যক্রমও শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/১৮০৭ঘ.
bdnews24