২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নেতা মহম্মদের আরও ১০ বছর সাজা

সিরিজ বোমার মামলায় জেএমবির চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ নেতা জাবেদ ইকবাল মহম্মদের আরও ১০ বছর সাজা হয়েছে। ২০০৫ সালে সারাদেশে বোমা হামলার ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় সোমবার এ দণ্ডাদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজ বোমার মামলায় জেএমবির চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ নেতা জাবেদ ইকবাল মহম্মদের আরও ১০ বছর সাজা হয়েছে। ২০০৫ সালে সারাদেশে বোমা হামলার ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় সোমবার এ দণ্ডাদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম। এর আগে সিরিজ বোমার দুই মামলায় মহম্মদের ১০ বছর করে সাজা হয়। একটি মামলায় খালাস পান তিনি। সোমবারের রায়ে মহম্মদকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর আসামি আরশাদুল ইসলামকে খালাস দিয়েছে। রায়ের সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিরিজ বোমা হামলার ঘটনায় ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় আদালত আজ (সোমবার) আসামি জাবেদ ইকবাল মহম্মদকে ১০ বছর সাজা দিয়েছে। অপর আসামি আরশাদুলকে খালাস দিয়েছে।" তিনি জানান, ইতোপূর্বে ফাঁসির রায় কার্যকর হওয়ায় মামলার অপর তিন আসামি জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই এবং আতাউর রহমান সানিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)। পরে ওই জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করে সরকার। ১৭ আগস্ট চট্টগ্রামের আটটি স্থানে বিস্ফোরণ ঘটায় জেএমবি। এতে আটটি মামলা হয়। ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড়ের আয়োজন হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার রায় হয় সোমবার। ঘটনার দিনই ডবলমুরিং থানায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ মামলা করে। গত বছরের ১৪ জানুয়ারি পাঁচচজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। সিরিজ বোমার আট মামলার মধ্যে এ নিয়ে চারটির রায় হলো। বাকি চারটি বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২৮ ঘ.