২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ২

সিরাজগঞ্জের পাঁচিলিয়া এলাকায় সোমবার ভোরে যাত্রীবাহী একটি বাস উল্টে দুই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের পাঁচিলিয়া এলাকায় সোমবার ভোরে যাত্রীবাহী একটি বাস উল্টে দুই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে ভোর ৫টার ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা রওশন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি কোচ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে যায়। এতে বাসচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।" নিহত বাস চালকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানায়। নিহত অপর ব্যক্তি হলেন পাবনার সাঁথিয়া উপজেলার রফিকুল ইসলাম (৪২)। দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি রওশন জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.