২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকঘরে ওয়ান পয়েন্ট পাসপোর্ট সার্ভিস চালু

দ্রুত পাসপোর্ট প্রদান এবং এ সংক্রান্ত অনিয়ম দূর করতে রাজধানীর পর বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামের কয়েকটি ডাকঘরে ওয়ান পয়েন্ট পাসপোর্ট সার্ভিস চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - দ্রুত পাসপোর্ট প্রদান এবং এ সংক্রান্ত অনিয়ম দূর করতে রাজধানীর পর বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামের কয়েকটি ডাকঘরে ওয়ান পয়েন্ট পাসপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। রোববার চট্টগ্রাম প্রধান ডাকঘর, নগরীর বন্দর, চান্দগাঁও, আগ্রাবাদ ও চকবাজার ডাকঘরে এ কার্যক্রম চালু করা হয় । সকালে চট্টগ্রাম প্রধান ডাকঘরে ওয়ান পয়েন্ট পাসপোর্ট সাভির্স উদ্বোধন করেন পূর্বাঞ্চলীয় পোস্ট মাস্টার জেনারেল এবিএম হুমায়ুন। তিনি বলেন, "এর ফলে পাসপোর্ট পেতে জনগণের ভোগান্তি দূর হবে। সহজেই ডাকঘর থেকে নির্ধারিত ফি দিয়ে ফরম সংগ্রহ এবং পাসপোর্ট গ্রহণ করা যাবে। এর জন্য আগের মত ব্যাংক বা পাসপোর্ট কার্যালয়ে ছুটোছুটি করতে হবে না।" এবিএম হুমায়ুন জানান, ডাকঘর থেকে জরুরি ও সাধারণ উভয় ধরনের পাসপোর্ট পাওয়া যাবে। এর জন্য নির্ধারিত ফি'র বাইরে ২০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র এবং পুলিশের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে ১১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে বলে তিনি জানান। প্রাথমিকভাবে নগরীর চারটি গুরুত্বপূর্ণ ডাকঘরে এ কার্যক্রম শুরু হয়েছে। এর সফলতার ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলা সদরের ডাকঘরেও এ কার্যক্রম চালু করা হবে বলে তিনি জানান। ওয়ান পয়েন্ট পাসপোর্ট সার্ভিস চালুর করার লক্ষ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ডাকঘরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকা জেনারেল পোস্ট অফিস (জিপিও), ঢাকা সদর প্রধান ডাকঘর, নিউমার্কেট, মিরপুর-২, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, উত্তরা খিলগাঁও, ওয়ারী ও ডেমরা ডাকঘরে ওয়ান পয়েন্ট পাসপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৫ ঘ.