পটুয়াখালী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজা হওয়ায় সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে মিজানুরকে সাময়িকভাবে বরখাস্তের কথা জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতারী বেগম স্বাক্ষরিত ওই চিঠি বৃহস্পতিবার পটুয়াখালী এসেছে।
মন্ত্রণালয়ের আদেশে ওই ইউপির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।
১৯৯২ সালে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কার্যক্রমের একটি প্রকল্পের প্রায় ৩৮ মেট্রিক টন গম আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত করে মিজানুর রহমানকে ১৬ বছর কারাদণ্ড দেয় পটুয়াখালীর একটি আদালত। গত ৪ জুলাই এ রায় হয়। তবে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি। পাশাপাশি উচ্চ আদালত থেকে জামিন মুক্তও রয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮১৮ ঘ.
bdnews24