ফরিদপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ভাওয়াল ও সোনাপুর ইউনিয়নের দু'টি গ্রামে বৃহস্পতিবার ভোরে টর্নেডোর আঘাতে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, ভোর পৌনে ছয়টার দিকে প্রচন্ড গতিতে ঝড়ো হাওয়া বয়ে যায়। প্রায় দুই মিনিট স্থায়ী ঝড়ে পুররা মৃধাকান্দা গ্রামের একাংশের একটি ব্র্যাক স্কুল ঘরসহ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে গেছে বলে তিনি জানান।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির মোল্লা জানান, গোপালিয়া গ্রামের ২৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব পরিবার এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। এদের জন্য সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, ওই দু'টি গ্রামে শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে এদের সাহায্য দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৮ ঘ.
bdnews24