২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইলেকশন ওয়ার্কিং গ্র"প' ও তালেয়ার নিরপেক্ষতা নিয়ে তোফায়েলের প্রশ্ন

সাংবাদিক শফিক রেহমান ও তার স্ত্রী 'ডেমোক্রেসি ওয়াচ' এর প্রধান তালেয়া রহমানের বাসায় চার দলীয় জোটের বৈঠক হওয়ায় সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাংবাদিক শফিক রেহমান ও তার স্ত্রী 'ডেমোক্রেসি ওয়াচ' এর প্রধান তালেয়া রহমানের বাসায় চার দলীয় জোটের বৈঠক হওয়ায় সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। রাজধানীর ইস্কাটনের ওই বাসায় গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়ার বিষয়ে বৈঠক করে বিএনপি জামায়াতসহ চার দলীয় জোটের নেতৃবৃন্দ। অন্যদিকে 'ডেমোক্রেসি ওয়াচ' বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার জোট ইলেকশন ওয়ার্কিং গ্র"পের সদস্য। অন্যান্য সংস্থার মতো ডেমোক্রেসি ওয়াচেরও আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার কথা। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে এক আলোচনা সভায় ওই বৈঠকের প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, "আমি ছবিতে দেখলাম, চারদলীয় জোটের বৈঠকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানালেন শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমান। 'ইলেকশন ওয়ার্কিং গ্র"প' নামে একটি সংস্থার সঙ্গে তিনি যুক্ত। এ প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশন থেকে অর্থ পায়। এরাই আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হবে । এ সংস্থা আদৌ নিরপেক্ষ থাকতে পারবে কী না তা আরেকটু ভালভাবে বিবেচনা করা উচিত।" অবিলম্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, "দেশকে রক্ষা করতে হলে সকল নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার ব্যবস্থা করতে হবে।" একই দাবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "তথাকথিত সুশীল সমাজের অনির্বাচিত সরকার জাতিকে কী দিতে পারে- তা গত ২ বছরে মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে।" সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "আদালতে নিয়োগের ক্ষেত্রে বিগত বিএনপি সরকার যে পরিমাণ দলীয়করণ করেছে তাতে জাতি আগামী ২৫ বছর ন্যায়বিচার পাবে না।" সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "আগামী ২০২১ সালে আমরা একটি নিরক্ষরমুক্ত জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের স্বপ্ন দেখি।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক হারুন অর রশীদ, শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ ও আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া 'জাতীয় শিক্ষানীতি' বাতিলের দাবিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্ররা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, মোস্তফা ও বাবুলসহ বেশ কয়েকজন নিহত হন। এর পর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১৩৩ ঘ.