ঢাকা সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রুথ কমিশন নিয়ে খুব বেশি অগ্রসর হতে না পারায় হতাশা প্রকাশ করেছেন এর চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান । বুধবার তিনি বলেছেন, "মূলত রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের জন্যই ট্রুথ কমিশন গঠন করা হয়েছে। কিন্তু তারা আসছেন না। ফলে খুব বেশী অগ্রসর হতে পারছি না।"
কমিশন কার্যালয়ে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে হাবিবুর রহমান জানান, 'ট্রুথ কমিশন'এর বয়স মাত্র দেড় মাস। এই সময়ের মধ্যে ২৩০ জনের আবেদন পাওয়া গেছে। ৭০ জনের শুনানি শেষ হয়েছে। এর মধ্যে ৩৫ জনের প্রাথমিক রায়ে ১৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৪৩৩ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ২জনের ফাইল গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটিতে ফেরত পাঠানো হয়েছে। শুনানির সময় তারা অনুকম্পা চাননি। তা ছাড়া তাদের বলার সঙ্গে কাগজে দেওয়া হিসাবের গড়মিলও রয়েছে।
চেয়ারম্যান জানান, যে ২৩০জনের ফাইল নিয়ে ট্রুথ কমিশন কাজ করছে তাদের বেশিরভাগই সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তার সংখ্যা খুবই কম।
অনুকম্পা প্রার্থী কেউ দীর্ঘ সময় ধরে বসে আছেন বা তাকে এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠানো হচ্ছে- এধরনের হয়রানি ট্রুথ কমিশনে হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এধরনের হয়রানি হতে পারে তবে অন্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম।"
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ট্রুথ কমিশনের সময় বাড়ানোর বিষয়টি বিষয়টি পুরোপুরি সরকারের ব্যাপার। তবে কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ বাকি থাকলে শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে পারবে।
চেয়ারম্যান বলেন, "রাজউক, ডেসা, পূর্ত, রাজস্বসহ বিভিন্ন্ বিভাগে ঘুষ দেওয়া-নেওয়ার যে প্রবণতা দাঁড়িয়েছে তা নিয়মে পরিণত হয়েছে। ট্রুথ কমিশন গঠন হওয়ার পর এগুলোতে ধাক্কা লেগেছে।"
প্রশ্নের জবাবে তিনি জানান, "এক বিচারপতির দুই আত্মীয় ট্রুথ কমিশনে আসার জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন। দুদকের এব্যাপারে একটি চিঠি পাওয়া গেছে। তবে তাদের ফাইল এখনো আসেনি। বর্তমানে দুদক তাদের ব্যাপারে তদন্ত করছে।"
সংবাদ ব্রিফিংয়ে কমিশনের অন্য দুই সদস্য মেজর জেনারেল (অব.) মনজুর রশিদ এবং আসিফ আলী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24