ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আরেক দফা পিছিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ দিয়েছেন বিচারক।
বুধবার শুনানির ধার্য তারিখে মামলার অন্যতম আসামি জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন এ আদেশ দেন।
এ নিয়ে পঞ্চম বারের মতো মামলাটির অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো।
আগামী ধার্য তারিখে শুনানি হবে আশা করে বিশেষ পাবলিক প্রসিকিউটর ফিরোজ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই তারিখে শুনানি না হওয়ার কোন যুক্তি নেই।"
উল্লেখ্য গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা জনস্বার্থে মামলা দুইটি বিচারের জন্য ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইবুনালে প্রজ্ঞাপন পাঠায়।
দুই মামলা এক সঙ্গে শুনানি করার ব্যাপারে বুধবার দুইপক্ষ যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
বিশেষ পাবলিক প্রসিকিউটর বলেন, "যেহেতু উভয় মামলাতেই রাষ্ট্রপক্ষে ৪০৮ জন সাক্ষী। সুতরাং একেক জনের সাক্ষ্যই দুই মামলাতে ব্যবহার করা যাবে। যদি তা না করে আলাদাভাবে সাক্ষ্য নেওয়া হয় তাহলে সময় ও শ্রমের অপচয় হবে।"
এ মামলার অন্যতম আসামি জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুল সালাম পিন্টুর পক্ষে আইনজীবী সময় প্রার্থনা করেন। অপর আসামি উজ্জ্বল হোসেন রতন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বলেও আদালতকে জানানো হয়।
এদিকে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে উপস্থিত ছিলেন এমন কয়জন আইনজীবী প্রথমবারের মতো বুধবার আদালতে আসেন।
তাদের একজন অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে সাহায্য করার জন্য মামলায় উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএইচবি/১৮১৮ ঘ.
bdnews24