ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মিগ ২৯ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচার মামনুন রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন।
আগামী বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি এস এম ইমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, "বুধবার রিটটির ওপর শুনানির কথা ছিল। কিন্তু সকাল ১১টায় আদালত আমাদের জানিয়েছে একজন বিচারপতি বিব্রতবোধ করায় শুনানি গ্রহণ করতে পারবেন না।"
মিগ-২৯ মামলার অভিযোগ গঠনের বৈধতা নিয়ে শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর রিটটি দায়ের করেছিলেন।
ব্যারিস্টার শফিক আহমেদ জানান, এর পর রিটটি নিয়ে প্রধান বিচারপতির কাছে গেলে তিনি বিচারপতি এ এফ এম আবদুর রহমানের নেতৃত্বের বেঞ্চকে রিটটির শুনানির ক্ষমতা দিয়েছেন। বুধবার ওই বেঞ্চে শুনানি হবে।
শেখ হাসিনা এই মামলায় জামিনে রয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার শফিক আরও বলেন, "এ মামলায় অভিযোগ গঠনের মতো কোন উপাদান নেই।"
হাসিনার এখনো জামিন না পাওয়া ভাসমান বিদ্যুৎ কেন্দ্র, নাইকো ও নুর আলীর মামলায় আগামী রোববার জামিনের আবেদন জানানো হবে।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ২০০১ সালে আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওই যুদ্ধ বিমান কেনার সময় দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত ২০ আগস্ট।
মামলাটি বাতিলে শেখ হাসিনার দায়ের করা আবেদন গতবছর ৬ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল গত ১৮ মার্চ খারিজ করে সুপ্রিম কোর্ট।
বর্তমানে নিম্ন আদালতে মামলাটির বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/এসকে/১৬০৯ঘ.
bdnews24