ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল ছাড়িয়ে গেছে।
নিম্নচাপটি বুধবার সকালে কিছুটা উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে বলেশ্বরের কাছাকাছি এলাকা হয়ে বর্তমানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত অব্যাহত রাখতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বুধবার এ তথ্য জানিয়ে বিশেষ বুলেটিনে বলেছে নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিমে স্থলের দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাতের সঙ্গে ক্রমেই দুর্বল হয়ে পড়বে।
এর আগের বুলেটিনে বলা হয়, গভীর নিম্নচাপটি রাত নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
এতে আরও বলা হয়, "নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য রয়েছে। এর কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।"
নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৪০৮ঘ.
bdnews24