বাগেরহাট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরে ঢোকার মুখে ডুবোচরে ১৪ দিন আটকে থাকার পর সোমবার সকালে পানামার পতাকাবাহী জাহাজটি উদ্ধার করা হয়েছে। বিকেলে জাহাজটি মংলা বন্দরে ঢুকেছে।
গত ১ সেপ্টেম্বর মংলা বন্দরে ঢোকার মুখে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিসিআই) আমদানি করা প্রায় সাড়ে ১৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে এমভি ভেনাশিন আয়রন নামের এ জাহাজটি বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে ডুবোচরে আটকে পড়ে।
টাগ বোটের সাহায্যে উদ্ধার কাজ জাহাজের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি আরও ভাসিয়ে তোলার জন্য কিছু সার খালাস করা হয়।
সোমবার সকালের জোয়ারে সাগরের পানিতে জাহাজটি ভাসিয়ে তোলা সম্ভব হয়। জাহাজের তলদেশ প্রায় দেড় মিটার গভীর পলিতে আটকে গিয়েছিল।
মংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার এনামুল হক জাহাজটি উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারে বঙ্গোপসাগরে স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন মিটার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবোচরে আটকে পড়া জাহাজটি ভাসিয়ে তোলা সহজ হয়। এই অবস্থায় মংলা বন্দরের টাগ বোট শিবসা একাই জাহাজটিকে টেনে চর থেকে নামাতে পেরেছে।
শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং লিমিটেডের খুলনাঞ্চলের ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, ১০ দিন আগে জাহাজ থেকে কিছু পণ্য খালাস করে জাহাজটি হালকা করার জন্য চট্টগ্রাম থেকে এমভি ফোকরাজ, এমভি জলময়ূরী ও এমভি সানকোস্ট নামে তিনটি কোস্টার (বিশেষ ধরণের মালবাহী নৌযান) আনা হয়।
এসব নৌযান ওই জাহাজ থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন সার খালাস করে।
তিনি জানান, বাকি সার খালাসের জন্য জাহাজটি বিকেলে মংলা বন্দরে ঢুকেছে।
ডুবোচরে জাহাটি আটকা পড়ার ঘটনা তদন্তে মংলা বন্দর কর্তৃপক্ষ ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফ আহসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল।
ডেপুটি হারবার মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহাম্মদ ইকবালের কাছে জাহাজটির আটকে পড়ার কারণ ব্যাখ্যাসহ লিখিত প্রতিবেদন দিয়েছে।
তিনি জানান, প্রতিবেদনে বলা হয়েছে- বন্দরে ঢোকার আগে বঙ্গোপসাগরের ওই এলাকায় যথাযথ গভীরতা (সাত দশমিক আট মিটার) ছিল। জাহাজটি কোন ভাবে নৌপথের বাইরে চলে যায় এবং ওই এলাকায় বেশ কয়েক বছর আগে ওশান ওয়েভ নামে একটি জাহাজ ডোবার কারণে যে ডুবোচর সৃষ্টি হয়েছে সেখানে আটকে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24