২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি শুরু

৬৪ জেলার ২০ লাখ লোকের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সরকারের '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচি বাস্তবায়নের কাজ সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৪ জেলার ২০ লাখ লোকের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সরকারের '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচি বাস্তবায়নের কাজ সোমবার শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এএমএম শওকত আলী জানান, ২ হাজার কোটি টাকার এ কার্যক্রমে প্রতিদিন ২০ কোটি টাকার কাজ হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সুবিধা পাবে প্রায় ১ কোটি মানুষ। নিবন্ধিত কেউ কাজ না পেলে বেকার ভাতা পাবেন। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০০ দিনের এ কর্মসূচির জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। গত ১৪ আগস্ট এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করা হয়। উপদেষ্টা বলেন, "বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচির সুবিধাভোগী ২০ লাখ লোকের তালিকা চূড়ান্ত ও নাম নিবন্ধন করা হয়েছে। কাজ শুরুর ১৫ দিনের মধ্যে নিবন্ধিত কোনও ব্যক্তি কাজ না পেলে প্রথম ৩০ দিনের জন্য ৪০ টাকা ও পরবর্তী সময়ের জন্য ৫০ টাকা হারে বেকার ভাতা পাবেন। কাজ পাওয়া ব্যক্তিরা প্রতি দিনের জন্য পাবেন ১০০ টাকা করে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসৃজন কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি কার্ড দেওয়া হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগের ১৬ জেলার ১২৪ উপজেলায় মোট কার্ড দেওয়া হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫২০ জনকে। এ বিভাগে অতি দরিদ্র লোকের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৬১০ জন। উপজেলা ও আয়তনের দিক থেকে তুলনামূলকভাবে দ্বিতীয় সর্বোচ্চ কার্ড পেয়েছে বরিশাল বিভাগ। ওই বিভাগের ছয়টি জেলার ৪০টি উপজেলায় মোট কার্ড দেওয়া হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮০টি। বিভাগে অতি দরিদ্রের সংখ্যা ২৮ লাখ ৩৩ হাজার। ঢাকা বিভাগে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার অতি দরিদ্র লোকের জন্য বরাদ্দ করা কার্ডের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৮২০টি। চট্টগ্রাম বিভাগে অতি দরিদ্র লোকের সংখ্যা ৬৪ লাখ ৫৩ হাজার। এদের মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৮০টি কার্ড দেওয়া হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলায় অতি দরিদ্র লোকের সংখ্যা ৪৪ লাখ ১ হাজার। এদের জন্য মোট কার্ড বরাদ্দ হয়েছে ২ লাখ ১৯ হাজার ৪০০টি। সিলেটের চারটি জেলার ৩৮টি উপজেলার ২৩ লাখ ৫৫ হাজার অতি দরিদ্র লোকের জন্য বরাদ্দ করা কার্ডের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪০০। শওকত আলী বলেন, "দুই বছর মেয়াদি 'দারিদ্র মানচিত্র'র ভিত্তিতে বিভাগওয়ারি কার্ড বরাদ্দ এবং সুবিধা ভোগীদের নাম নিবন্ধন করা হয়েছে।" তিনি বলেন, "দেশের কৃষি শ্রমিকরা আমন ও বোরো ধান লাগানো থেকে ফসল তোলা পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য বেকার থাকে। এ সময় বেকার লোকদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মধ্য সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সাড়ে চার মাস এবং নির্ধারিত সময়ের ১৫ দিন আগে বা পরে এলাকার চাহিদা অনুযায়ী এ কর্মসূচির অধীনে কাজ চলবে।" কর্মসূচির অর্থ বরাদ্দে কোনও অনিয়মের সম্ভাবনা উড়িয়ে দিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, "নিবন্ধিত ব্যক্তিদের প্রতিদিনই তাদের কাজের অর্থ দেওয়া হবে। এ কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থা 'খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)'র একজন প্রতিনিধি তদারকি করবে। তারা প্রতি মাসের জন্য এবং কর্মসূচির প্রথম পর্যায় শেষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দেবেন। ফলে অনিয়মের সুযোগ থাকছে না।" কর্মসৃজন কর্মসূচির নীতিমালা অনুযায়ী, এর আওতায় দেশের ৬৪ জেলার ২০ লাখ লোকের জন্য স্থানীয় উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নদী ভাঙন, মঙ্গা কবলিত এলাকা, হাওর-বাঁওড়-চর এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ এর মধ্যে। নারী-পুরুষ নির্বিশেষে প্রতি পরিবার থেকে একজন কাজ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সরকারের সামাজিক নিরাপত্তামূলক অন্য কোনও কর্মসূচিতে জড়িত কেউ এর আওতাভুক্ত হবেন না। একই পরিবারের একাধিক ব্যক্তিও এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে না। দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত- সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা কোনও তথ্য দিতে পারেননি। তবে তিনি বলেন, "পরিসংখ্যান ব্যুরো থেকে তথ্য নিয়ে কয়েকদিনের মধ্যে তা জানাতে পারব।" চলতি বছরের বন্যায় দেশের মোট ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ জন্য আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদ। মোল্লা ওয়াহেদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির কাজের সঙ্গে কর্মসৃজন কর্মসূচির মিল আছে। মূলত কৃষি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত কাজগুলোই এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।" এছাড়া জৈব সার তৈরি, পুকুর খনন, নালা তৈরি, বন্যা প্রতিরোধে বেড়ি বাঁধ নির্মাণ ও গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণের মতো কাজেও নিবন্ধিতদের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২২ ঘ.