সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে সাভারের শিমুলতলা এলাকার ফাইভ ব্রাদার্স জিন্স ওয়্যার লি. নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে।
পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর সোমবার বেতন দেওয়ার আশ্বাস দিলে সকাল ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফাইভ ব্রাদার্স কারখানায় দেড়শ শ্রমিক কাজ করেন। রোববার তাদের আগস্ট মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু রোববার সকালে মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে যায়। শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানায় এসে তালা দেখে বিক্ষোভ শুরু করে এবং ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি মালিকপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা সোমবার বেতন দেওয়ার আশ্বাস দেন। এ কথা শ্রমিকদের জানালে তারা অবরোধ তুলে নিয়ে চলে যায়।"
ওই সড়কে পৌনে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
নূরনবী ও মাসুদ পারভেজসহ বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, মালিকপক্ষ বেতন দেয়ার কথা বলে বেশ কয়েকদিন থেকে শ্রমিকদের ঘোরাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24