ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক শুরু হচ্ছে সোমবার।
তিন দিনব্যাপী এ আলোচনায় অংশ নিতে রিয়ার অ্যাডমিরাল বি আর রাওয়ের নেতৃত্বে সাত সদস্যের ভারতীয় কূটনীতিক দল রোববার বিকেলে ঢাকা এসে পৌঁছেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একজন অভিবাসন কর্মকর্তা বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল চারটায় জেট এয়ারওয়েজ এর ফ্লাইটে ভারতীয় কূটনীতিক দল ঢাকা পৌঁছেন।
রোববার মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরি সাংবাদিকদের বলেন, "গত ২৮ বছরের মধ্যে এই প্রথম কৌশলগত পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি দুই দেশের সরকারই বর্তমানে পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালি করার জন্য বিভিন্ন সমস্যার মতো এর সমাধানেও আন্তরিক।"
জাতিসংঘের সমুদ্রসীমা বিষয়ক সনদ অনুযায়ী, বাংলাদেশকে আগামী ২০১১ সালের মধ্যে নিজের সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে। ভারতকে তার সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে ২০০৯ সালের মধ্যে।
ভারত ছাড়াও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২০১০ঘ.
bdnews24