২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতি মামলায় আটক সেই ছয়জন জামিনে মুক্ত

ডাকাতিতে জড়িত না থেকেও ছয় মাস ধরে জেলহাজতে থাকা স্কুল শিক্ষকসহ ছয়জন রোববার জামিনে ছাড়া পেয়েছেন। বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খান জামিনের আবেদন মঞ্জুর করার পর সন্ধ্যায় তারা কারাগার থেকে ছাড়া পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতিতে জড়িত না থেকেও ছয় মাস ধরে জেলহাজতে থাকা স্কুল শিক্ষকসহ ছয়জন রোববার জামিনে ছাড়া পেয়েছেন। বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খান জামিনের আবেদন মঞ্জুর করার পর সন্ধ্যায় তারা কারাগার থেকে ছাড়া পান। গত ৭ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ '৬ মাস পর পুলিশ জানল গ্রেপ্তারকৃতরা ডাকাত নয়' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ হোসেন ফকির জরুরিভিত্তিতে মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের নির্দেশ দেন তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপ-পরিদর্শক সায়েদুর রহমানকে। জামিনপ্রাপ্তরা হলেন - শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের চাঁন মিঞা হাওলাদারের তিন ছেলে এমাদুল হক হাওলাদার (৪০), শহিদুল হাওলাদার (৩৮) ও রুহুল আমিন হাওলাদার (৩২), একই গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সামছু (২৮) ও শহিদুল (২৫) এবং আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান (৫০)। তদন্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, "এই মামলায় গ্রেপ্তার দুই আসামি লিটন ও খোকন আদালতে পরস্পর সামঞ্জস্যপূর্ণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও চারজনের নাম বলেছে। পুলিশ এদের মধ্যে অন্তত দুই জনকে সনাক্ত করতে পেরেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" তিনি জানান, এ বছরের ২৯ ফেব্র"য়ারি রাতে দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ইয়াছিন আকনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা ইয়াছিন (৬০) ও সৌদি আরব থেকে ফেরা তার ছেলে মিজানুর রহমান (৩০) আহত হন। ১ মার্চ ইয়াছিন ওই পাঁচজনের বিরুদ্ধে শরণখোলা থানায় ডাকাতি মামলা (নম্বর-১) করেন। পুলিশ ওইদিনই আসামিদের গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট বাগেরহাটের ফকিরহাটে ডাকাতি করতে গিয়ে শরণখোলার খাদা গ্রামের লিটন জমাদ্দার অস্ত্রসহ গ্রেপ্তার হন। ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয় তার ফুফাতো ভাই খোকনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ইয়াছিনে করা ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৫ ঘ.