মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গার দুই তীর ইজারা দেওয়া ও বালু উত্তোলন বন্ধের সুপারিশ করবে বিপন্ন নদীটির নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য গঠিত টাস্কফোর্স। আগামী মাসের শুরুতে টাস্কফোর্স এ ব্যাপারে সরকারের কাছে প্রতিবেদন দেবে।
ঢাকা ওয়াসা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে নিক্ষেপ বন্ধ করার পক্ষেও মত দিয়েছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের চেয়ারম্যান সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুড়িগঙ্গা নদীসহ রাজধানীর খালগুলোর উন্নয়ন ও সংরক্ষণের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ থাকবে এ প্রতিবেদনে।
ইনাম আহমেদ বলেন, "এ মাসের মধ্যেই টাস্কফোর্স প্রতিবেদন চূড়ান্ত করবে। আগামী মাসের শুরুতে তা জমা দেওয়া হবে।"
তিনি বলেন, "ঢাকা ওয়াসার বর্জ্য বুড়িগঙ্গার দুষণের অন্যতম কারণ। টাস্কফোর্স শোধনাগার (ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের জন্য ওয়াসাকে সুপারিশ করবে। এছাড়া শিল্প বর্জ্য নদীতে নিক্ষেপ করাও বন্ধ করতে হবে।"
টাস্কফোর্স বুড়িগঙ্গার প্রবাহ বাড়াতে খাল কেটে যমুনা থেকে পানি আনার বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, "আমরা মনে করি, যমুনা থেকে পানি আনা সহজ হবে।"
তিনি জানান, ইতোমধ্যে টাস্কফোর্সের সুপারিশ অনুসারে কিছু কাজ শুরু হয়েছে। ২৬ কিলোমিটার দীর্ঘ বুড়িগঙ্গার দু'পাড়ে সাড়ে তিন হাজারের মতো অবৈধ স্থাপনার মধ্যে প্রায় দুই হাজার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বেগুনবাড়ী খাল থেকে বের হওয়া সুতিভোলা খাল উদ্ধার শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে খালটির খনন কাজও শুরু করা হয়েছে।
ইনাম আহমেদ বলেন, "মূলত দখলের কারণেই বুড়িগঙ্গা ছোট হয়ে গেছে। পানি প্রবাহ কমে গেছে। খালগুলোর মাধ্যমে বুড়িগঙ্গায় পানি আসতো।"
আইনগত জটিলতা সৃষ্টি হলে সময় বেশি লাগে মন্তব্য করে ইনাম আহমেদ বলেন, "খালগুলোর পুনরুদ্ধার করতে হবে সমঝোতার মাধ্যমে।"
দখলদার ও সরকার সবাইকেই রাজধানীর প্রাণপ্রবাহ হিসাবে পরিচিত বুড়িগঙ্গার বর্তমান অবস্থার জন্য দায়ী করেন তিনি।
বুড়িগঙ্গার নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সুপারিশ প্রণয়নের গত ৮ জুন সরকার এ টাস্কফোর্স গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এসকে/১৮৫৪ঘ.
bdnews24