২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অপেক্ষায় ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা। আর উপজেলা নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্যে বিএনপি'র যোগাযোগের অপেক্ষায় রয়েছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা। আর উপজেলা নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্যে বিএনপি'র যোগাযোগের অপেক্ষায় রয়েছে কমিশন। তিনি বলেন, "আমরা এখনও বিএনপির অপেক্ষায় রয়েছি। বিএনপির সঙ্গে আলোচনা করেই আমরা উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।" রোববার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং গণমাধ্যম কর্মীরা আলোচনায় অংশ নেন। সভায় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "আমরা জাতীয় সংসদ নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু উপজেলা নির্বাচনও হবে।" কোন নির্বাচন আগে হবে জানতে চাইলে সুস্পষ্ট কোনও উত্তর না দিয়ে তিনি বলেন, "আমরা এ বিষয়ে খুবই সচেতন আছি। আমরা এমন কিছু করব, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।" গত ৭ সেপ্টেম্বর ইসির সঙ্গে আলোচনার কথা থাকলেও তা প্রত্যাখ্যান করে বিএনপি। এরপর ইসির পক্ষ থেকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে আবারো আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়। রোববার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোন ধরনের সাড়া পাওয়া যায়নি জানিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "যে কোনও দিন বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। আগামীকালও (সোমবার) হতে পারে। আমরা বিএনপির যোগাযোগের অপেক্ষায় রয়েছি।" নিবন্ধন ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে- সংবাদপত্রে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে এটিএম শামসুল হুদা বলেন, "জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করতেই হবে।" নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আগামী ২/৪ দিন পরে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এর জন্য অপেক্ষা করুন।" শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপ ও বিএনপির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা যেহেতু সোমবার চীনে যাচ্ছেন, তাই এ সংলাপের সারসংক্ষেপ তাকে অবহিত করা হয়েছে।" প্রার্থিদের হলফনামায় দেয়া তথ্য পরীক্ষণ ও প্রকাশের বিষয়ে অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই বৈঠকে সিইসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ডিসিসিসহ সব ধরনের নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পর তাদের প্রয়োজনীয় তথ্য লিফলেট আকারে ইসি প্রকাশ করবে। জনসমক্ষে প্রকাশের জন্য তাদের তথ্য ওয়েবসাইটে, গণমাধ্যমে ও লিফলেট বিতরণ করা হবে। ভুল তথ্য প্রদান করলে সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিল জানিয়ে সিইসি বলেন, "গত সিটি ও পৌর নির্বাচনে ৩২ জন প্রার্থীর বিরুদ্ধে ২১টি অভিযোগের তদন্ত হয়েছে। এছাড়া নির্বাচিত ২৭৮জন মেয়র ও কাউন্সিলরের হলফনামার তথ্য যাচাইয়ে এনবিআর ও বাংলাদেশ পুলিশ কাজ করছে।" নির্বাচিত তিন কাউন্সিলরে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ (প্রার্থিতা বাতিল) ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগকেও বলা হয়েছে বলে জানান এটিএম শামসুল হুদা। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ, অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, অ্যাডভোকেট সালমা আলী, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সাংবাদিক মুন্নী সাহা। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/এমআই/১৭২১ ঘ.