জয়পুরহাট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষীদের সঙ্গে গোলাগুলি হয়েছে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) অভিযোগ করেছে, ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বিনা উস্কানিতে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে গুলি ছোড়ে।
২৯ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ভোরে হাটখোলা সীমান্তের ২৮১/২৭ সাব পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ বিনা উস্কানিতে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে গুলি ছোড়ে। তখন বিডিআরও পাল্টা তিন রাউন্ড গুলি চালায়।"
বিএসএফের গুলিতে বাবু মন্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিক আহত হন বলে বিডিআর দাবি করেছে। বাবুর বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া হিলি থানার ডুমুরিল গ্রামে।
গুলিবিদ্ধ বাবু মণ্ডল বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। পরে বিডিআর সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে বিডিআর জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24