২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন ফরম নিয়েছে ৮২টি দল, জমা দিয়েছে তিনটি

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে নিবন্ধিত হওয়ার জন্য গত দুই সপ্তাহে ৮২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে আবেদনপত্র সংগ্রহ করেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তিনটি দল তা জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 05:42 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে নিবন্ধিত হওয়ার জন্য গত দুই সপ্তাহে ৮২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে আবেদনপত্র সংগ্রহ করেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তিনটি দল তা জমা দিয়েছে। নিবন্ধনের কয়েকটি শর্ত নিয়ে আপত্তি থাকায় আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ বড় রাজনৈতিক দল আবেদনপত্র সংগ্রহ করেনি। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব নূরুল ইসলাম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বৃহস্পতিবার এবং জাতীয় পার্টি (জেপি) বুধবার নিবন্ধনের আবেদনপত্র কমিশনে জমা দিয়েছে। 'নিবন্ধনের আবেদন যাচাই কমিটি'র চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, "নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে কোনও ধরনের অসম্পূর্ণতা থাকতে সংশ্লিষ্ট দলকে জানানো হবে। নির্ধারিত সময়ের পর ইসি যথাযথ ব্যবস্থা নেবে।'' ২৭ আগস্ট থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। নিবন্ধন বিধিমালা অনুযায়ী, ইসি সচিব বরাবর নির্ধারিত আবেদনপত্রে (ফরম-১) দলের সাধারণ সম্পাদক সত্যায়িত ১০টি বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। বুধবার পর্যন্ত আবেদনপত্র সংগ্রহকারী উল্লেখযোগ্য দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিশ। এছাড়ও নিবন্ধনের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছে- জাকের পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), খেলাফত আন্দোলন, নির্দলীয় জন আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সচেতন নাগরিক মঞ্চ, মুক্তিযোদ্ধা কৃষক-শ্রমিক ঐক্যজোট, ফরওয়ার্ড পার্টি, পাবলিক পার্টি, পাকমন পিপলস পার্টি, সামাজিক রাজনৈতিক আন্দোলন, চেতনায় বাঙালি, ফ্রিডম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় লীগ, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ এলএলবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জনতার সংহতি, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, মুসলীম লীগ, নয়া সমাজ দল, জাতীয় বিপ্লবী ফ্রন্ট, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, জাতীয় নাগরিক মঞ্চ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জনমুক্তি পার্টি, লেবার পার্টি, মুক্তিযোদ্ধা জনতা দল, নেজামে ইসলাম পার্টি, ইসলামী বিপ্লবী পরিষদ, জনতা মহাজোট বাংলাদেশ, জাতীয় স্বাধীনতা পরিষদ, সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন, জাতীয় জনতা পার্টি, সাহসী মুক্তিযোদ্ধা জনতা ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু লীগ, তফশীল জাতি ফেডারেশন, ইসলামী ফ্রন্ট, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস পার্টি অব বাংলাদেশ, দেশপ্রেমিক জনতা দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, সোনার বাংলা পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জনতা পার্টি, বিপ্লবী গণতান্ত্রিক ফ্রন্ট, সমাধান ঐক্য পার্টি, প্রগ্রেসিভ পার্টি, কৃষক শ্রমিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় জালালী পার্টি, বাংলাদেশের পিপলস পার্টি, দরিদ্র উন্নয়ন পার্টি, মুক্ত রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ রেডস্টার পার্টি, পিপলস পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ গণশক্তি পার্টি ইত্যাদি। নিবন্ধনের মূল তিনটি শর্তের মধ্যে রয়েছে- দেশ স্বাধীন হওয়ার পর থেকে দলকে কমপক্ষে একটি সংসদীয় আসন লাভ অথবা যে কোনও একটি নির্বাচনে অংশগ্রহণকৃত আসনে প্রদত্ত মোট ভোটের ৫ শতাংশ ভোট লাভ অথবা ন্যূনতম ১০টি প্রশাসনিক জেলায় দলের কার্যকর জেলা কমিটি এবং ন্যূনতম ৫০টি উপজেলা/ মেট্রোপলিটন থানায় ২০০ ভোটার সম্বলিত প্রামাণিক দলিল থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৩৫ ঘ.