ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী হয়রানি প্রতিরোধে বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করেছে র্যাব। এ জন্য টার্মিনাল ভবনের দোতলায় বসানো হয়েছে র্যাবের অস্থায়ী ক্যাম্প।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে র্যাব কর্মকর্তারা পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
র্যাব-১০ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট হুমায়ুন কবীর জানান, বাস টার্মিনালে যাতে যাত্রীরা হয়রানির শিকার না হয় সে জন্য র্যাব-১০ এর কর্মকর্তা মেজর সাজ্জাদের নেতৃত্বে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। র্যাবের দেড় শতাধিক সদস্য টার্মিনালে বিরামহীনভাবে দায়িত্ব পালন করবে। ঘরমুখো মানুষ যাতে কোন ভাবে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই র্যাবের এ কার্যক্রম।
তিনি জানান প্রতারক (মলম পার্টি, লাগেজ টানা পাটি) ও ছিনতাইকারী প্রতিরোধে র্যাব সদস্যরা সাদা পেশাকেও দায়িত্ব পালন করবে। পাশাপাশি নিয়মিত টহলে টার্মিনালে ডগ স্কোয়াডও থাকবে। ঈদ পর্যন্ত র্যাবের কার্যক্রম চলবে।
যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য বৃহস্পতিবার দুপুরে টার্মিনাল ভবনে র্যাব কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠক হয়েছে। হুমায়ুন কবীর জানান, পরিবহন মালিক ও শ্রমিকরা র্যাবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24