ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজ ও জামাতা তারিকুল রহমান প্রিন্সের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও ফজলুল হক ফাউণ্ডেশনের কার্মচারী মো. আব্দুল মালেকের বিরুদ্ধেও মামলা করবে দুদক।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "আফজাল হোসেন রাজের বিরুদ্ধে দুই মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। এর মধ্যে একটি মামলা করা হবে অবৈধভাবে এক কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকার সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে। অন্য মামলাটি করা হবে তার পিতাকে দিয়ে বদলি করে দেওয়ার শর্তে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০ কোটি ৬১ লাখ টাকা আদায় করার অভিযোগে।"
হানিফ ইকবাল জানান, বিচারপতি ফজলুল হকের জামাতা তারিকুল রহমান প্রিন্সের বিরুদ্ধে ৩৮ লাখ ৫০ হাজার টাকার সম্পত্তির অবৈধভাবে অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগ আনা হবে। এছাড়াও ফজলুল হক ফাউণ্ডেশনের কর্মচারী মো. আব্দুল মালেকের বিরুদ্ধে অবৈধভাবে ৪৬ লাখ ৯৯ হাজার টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হবে।
তিনি আরও জানান, সংস্থাপণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বর্তমানে ওএসডি) রফিকুল-ই মোহাম্মদের বিরুদ্ধে অবৈধভাবে ৩০ লাখ ১৬ হাজার টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
গত ১৩ মার্চ কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রমনা থানায় অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ফজলুল হক অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন নেন।
ওই মামলা থেকে রেহাই দিতে প্রতারণা করে তার কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিটিভির এক সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর বিচারপতি হককে ঘিরে সারা দেশে বিতর্কের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮৪৬ ঘ.
bdnews24