২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে তিন 'চরমপন্থী' নিহত

পুুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ায় দুজন ও ঝিনাইদহে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

কুষ্টিয়া, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ায় দুজন ও ঝিনাইদহে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন। কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া গ্রামে নিহত হন- নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্য মন্টু মেম্বার (৪০) ও তার সহযোগী সায়েদ (৩২)। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ইকরা ও তালিনা গ্রামের মধ্যবর্তী মাঠে নিহত হন- পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) মন্টু মিয়া (৩০)। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে জানান, রাত পৌনে ৪ টার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার টহল পুলিশ সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের নান্দিয়াড় বিলের পাশ দিয়ে যাচ্ছিল। বিলের পাশেই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্যরা বৈঠক করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মন্টু মেম্বার ও তার সহযোগী সায়েদ নিহত হন। পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। তাদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, মন্টু মেম্বারের বিরুদ্ধে ইবি ও আলমডাঙ্গা থানায় দুটি হত্যাসহ এক ডজন মামলা রয়েছে। তার সহযোগী সায়েদের বিরুদ্ধেও ইবি থানায় ছয়টি মামলা রয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিহত মন্টু মিয়া সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের ইবনে কাশেম মালিথার ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান শিকদার জানান, রাত আড়াইটার দিকে গাংনা বাজার থেকে একদল চরমপন্থী গুড়পাড়ার দিকে যাচ্ছিল। ইকরা ও তালিনা গ্রামের মধ্যবর্তী মাঠের কাঁচা রাস্তার ওপর তারা টহল পুলিশের মুখোমুখি হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ২৫ থেকে ৩০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এতে মন্টু মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে একটি শার্টার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, "মন্টুর বিরুদ্ধে ঝিনাইদহ থানায় হত্যা ও বোমাবাজির একাধিক মামলা রয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের কলোনির পাশে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে সিরাজ নামে একজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/১৭৪৩ ঘ.